প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে এবং সন্তানের ভরণপোষণ ঠিকমতো না দেওয়ার বিরোধ থেকেই স্বামীকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন—পিবিআই।
আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষ থেকে মো. হারুন নামে ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার তার স্ত্রী রুনা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পিবিআই জানায়, গত ৩ নভেম্বর আশুলিয়ার একটি বাসার দ্বিতীয় তলার তালাবদ্ধ কক্ষ থেকে হারুনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বড় বোনের দায়ের করা হত্যা মামলার তদন্তভার নেয় পিবিআই ঢাকা জেলা।
তদন্তে বেরিয়ে আসে, পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত অবস্থায় স্বামী হারুনের মাথা, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে শিল দিয়ে উপর্যুপরি আঘাত করেন স্ত্রী রুনা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ ঘরে রেখেই বাইরে থেকে দরজা তালাবদ্ধ করে পালিয়ে যান তিনি।
গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।
পিবিআই বলছে, এই হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।