ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ সোমবার শুরু হচ্ছে। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এ অধিবেশন চলতে পারে। অধিবেশনের প্রথম দিনই সংসদে তিনটি অধ্যাদেশ উত্থাপন করা হবে।
অধ্যাদেশগুলো হলো—পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ-২০২৬, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ-২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ-২০২৬। তৃতীয় ও চতুর্থ অধিবেশনের মধ্যবর্তী সময়ে এসব অধ্যাদেশ জারি করা হয়েছিল।
গত ১০ সেপ্টেম্বর ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়। এর ৬০ দিন পর আজ শুরু হচ্ছে নতুন অধিবেশন। গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অধিবেশন আহ্বান করেন।
রোববার জাতীয় সংসদ ভবনে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে অধিবেশনের সময়সূচি ও কার্যক্রমের বিষয়ে জানানো হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের অধিবেশন বসবে। তবে স্পিকার প্রয়োজন অনুযায়ী অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তন করতে পারবেন।
এ অধিবেশনের জন্য সংসদ সদস্যদের পক্ষ থেকে মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে। এর মধ্যে ১৭৪টি প্রশ্ন রয়েছে প্রধানমন্ত্রীর জন্য।
বৈঠকে জাতীয় সংসদ ভবন এলাকাকে ধূমপানমুক্ত ঘোষণা করার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে প্রস্তাবটিকে স্বাগত জানান।
এ ছাড়া সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের অগ্রগতি নিয়েও খোঁজ নেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, সংসদ ভবনে সৌরবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে সাত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। অধিবেশন চলাকালে সংসদের ছয় মেগাওয়াট বিদ্যুতের চাহিদা পূরণ হবে এবং বাকি বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে।