রাজধানীর উত্তরায় পাঁচ হাজার দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ (শনিবার) উত্তরা ৫ নম্বর সেক্টরের আইইএস স্কুল এন্ড কলেজ মাঠে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমীর ও নাগরিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মো. সেলিম উদ্দিন।
আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, উত্তরায় জামায়াতের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৫টি সেবা বিভাগের মাধ্যমে প্রায় পাঁচ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পাবেন। চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ভবিষ্যতে প্রতিটি সংসদীয় আসনে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, দেশের সরকারি চিকিৎসা ব্যবস্থার দুরবস্থা এবং বেসরকারি হাসপাতালে অতিরিক্ত ব্যয়ের কারণে সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বাস্তবতায় চিকিৎসাসেবা সহজীকরণে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হচ্ছে।
সেলিম উদ্দিন জানান, চিকিৎসাসেবা সহজ করতে জামায়াত অ্যাম্বুলেন্স সার্ভিস, ব্লাড ব্যাংক, অক্সিজেন সরবরাহসহ বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। এমনকি জরুরি কলের মাধ্যমে রোগীর বাসায় ডাক্তার পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। দেশের চিকিৎসা খাতে বাজেট অন্যান্য দেশের তুলনায় কম হলেও বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে মানুষকে বিনা চিকিৎসায় কষ্ট পেতে হবে না।
এ সময় চিকিৎসকদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন— ডা. জিহাদ খান ও হাসান বান্নাসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আরও উপস্থিত ছিলেন— জামায়াত উত্তরা-পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, সহকারী পরিচালক মাহবুবুল আলম, উত্তরা-পশ্চিম থানার আমির মাজহারুল ইসলাম, তুরাগ দক্ষিণের আমির আবু বকর সিদ্দিক, উত্তরখান পূর্বের আমির ইসরাইল হোসেন, তুরাগ মধ্য থানার নায়েবে আমির কামরুল হাসান এবং মহানগর যুব বিভাগের সেক্রেটারি ড. মোস্তফা ফয়সাল পারভেজ প্রমুখ।