বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

ইন্দোনেশিয়ায় সোনার খনি প্লাবিত হয়ে ১৩ শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে টানা ভারী বৃষ্টির পর একটি অবৈধ সোনার খনি প্লাবিত হয়ে অন্তত ১৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরো ১৩ জন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে উদ্ধারকারী দলের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় উদ্ধারকারী দলের প্রধান দেশিয়ানা কার্তিকা বাহারি এক বিবৃতিতে জানান, বৃহস্পতিবার সকাল পর্যন্ত খনির ভেতর থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত সোমবার টানা বৃষ্টিতে পাশের নদীর পানি বেড়ে উপচে খনিতে ঢুকে পড়লে শ্রমিকরা আটকা পড়েন।

উদ্ধারকর্মীদের খনির সরু ও প্রায় ১০০ মিটার গভীর গর্তে অভিযান চালাতে হচ্ছে। সেখানে পর্যাপ্ত আলো না থাকা এবং পিচ্ছিল পথ ও মাটির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

দেশিয়ানা বলেন, ‘মাঠের পরিস্থিতি বিবেচনায় নিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এতে অংশ নেওয়া কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

পশ্চিম জাভা পুলিশের মুখপাত্র হেন্দ্রা রচমাওয়ান জানান, পানি ঢোকার আগেই ১১ শ্রমিক খনি থেকে নিরাপদে বেরিয়ে আসেন। মঙ্গলবার কর্তৃপক্ষ খনিতে শ্রমিক আটকে পড়ার খবর পায়।

খনিজ সম্পদে সমৃদ্ধ ইন্দোনেশিয়ায় প্রায়ই খনিদুর্ঘটনা ঘটে। বিশেষ করে অবৈধ খনিগুলোতে নিরাপত্তাব্যবস্থার ঘাটতি ও নিয়ম না মানার কারণে প্রাণহানির ঝুঁকি বেশি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102