দেশে সার্বিক মূল্যস্ফীতির হার সামান্য কমেছে। গত অক্টোবর মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে। আগের মাস সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতিতে কিছুটা স্বস্তি ফিরেছে। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৪০ শতাংশে। সেপ্টেম্বরে এ হার ছিল ৭ দশমিক ২২ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে খাদ্য মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ৮২ শতাংশ পয়েন্ট।
তবে খাদ্য খাতে মূল্যস্ফীতি কমলেও খাদ্যবহির্ভূত খাতে পরিস্থিতি উল্টো। অক্টোবর মাসে এ খাতে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৮৯ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের মাসে ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। অর্থাৎ এক মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ৫৯ শতাংশ পয়েন্ট।
এদিকে, বছরওয়ারি হিসাবে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। ২০২৫ সালের অক্টোবরে দেশে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। চলতি বছরের একই মাসে তা বেড়ে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ এক বছরের ব্যবধানে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ১০ শতাংশ পয়েন্ট।