শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

এটা ওপরের অর্ডার, আমি গুলির কথা লিখতে পারব না

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

সুরতহালে গুলিবিদ্ধ হওয়ার চিহ্নগুলো না লিখে কিছু ছিদ্র ও কালো স্পট থাকার কথা উল্লেখ করেন তিনি। তাকে জিজ্ঞাসা করি-‘আপনি পুলিশের গুলিতে বিদ্ধ হওয়ার কথা না লিখে স্পট থাকার কথা কেন লিখলেন’। জবাবে এসআই শাহাদাত বলেন, ‘এটা ওপরের অর্ডার, আমি গুলির কথা লিখতে পারব না’।

বুধবার (১৫ এপ্রিল) জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় ১১ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিতে গিয়ে এসব বলেন তাইমের বাবা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ময়নাল হোসেন ভূঁইয়া। ট্রাইব্যুনাল-২ এর বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীরের একক বেঞ্চে জবানবন্দি দেন ময়নাল হোসেন। তাইমের সুরতহাল প্রতিবেদনে পুলিশের ছোড়া গুলির তথ্য গোপন করা হয়েছে বলে ট্রাইব্যুনালে জবানবন্দিতে জানান তিনি।

বর্তমানে রাজারবাগ পুলিশ লাইনসে কল্যাণ ও ফোর্স বিভাগে এসআই হিসাবে কর্মরত ময়নাল হোসেন। ২০২৪ সালের ২০ জুলাইয়ে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় খুব কাছ থেকে গুলি চালিয়ে তার ছেলেকে হত্যা করে পুলিশ।

ময়নাল হোসেন বলেন, ২১ জুলাই সকালে পরিবারের সদস্য-সহকর্মীদের নিয়ে ঢামেক হাসপাতালে অবস্থান করছিলাম আমি। সুরতহাল ও ময়নাতদন্তের জন্য তাইমের লাশ হাসপাতালে নেওয়া হয়। আমার সঙ্গে দেখা করেন শাহবাগ থানার এসআই শাহাদাত। তিনি পরিচয় দিয়ে তাইমকে পুলিশ গুলি করে মেরে ফেলার কথা জানান। একইসঙ্গে সুরতহাল ও ময়নাতদন্তের ব্যবস্থা করার কথা বলি। কিন্তু একই পেশার সহকর্মী হিসাবে কোনো সান্ত্বনা না দিয়ে আরেকজনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন তিনি।

তাইমের বাবা বলেন, সকালে হাসপাতালে এলেও অকারণে দেরি করতে থাকেন শাহাদাত। দুপুর ১২টার দিকে সুরতহাল করতে যান তিনি।

তিনি বলেন, ‘ছাত্র-জনতার আঘাতে ও গুলিতে আপনার ছেলে মারা গেছে’। এই বলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আমাকে স্বাক্ষর করতে বলেন। এতে আমি অনেক চিন্তায় পড়ে যাই।

ময়নাল বলেন, আমার ছেলে মারা গেছে। চাকরি হারানোর ভয়। মৃত্যুর পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেছে। লাশে প্রায় পচন ধরে গেছে। এসব চিন্তা করে সুরতহাল প্রতিবেদনে স্বাক্ষর করতে বাধ্য হই। বিকাল ৪টার দিকে ময়নাতদন্তের জন্য নির্ধারিত কক্ষে নেওয়া হয়। সাড়ে ৪টার পর সম্পন্ন হলে আমরা তাইমের মরদেহটি বুঝে পাই। এ মামলায় ১১ আসামির মধ্যে গ্রেফতার করা হয়েছে দুজনকে। তাদের আজ সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরা হলেন- যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি আবুল হাসান ও সাবেক এসআই শাহাদাত আলী।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102