ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার তরিকুল ইসলাম শিবলী (৪০)। আজ ৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কার্জন হলের ভেতরে লাইভ চলাকালে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক এই মর্মান্তিক খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়েই এই সাংবাদিকের মৃত্যু হয়েছে।
সহকর্মী ও প্রত্যক্ষদর্শী সোহেল রানা জানান, কার্জন হলের ভেতরে লাইভ চলাকালীন হঠাৎ করেই তরিকুল শিবলী অসুস্থ হয়ে পড়েন এবং অচেতন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।
চ্যানেল এস-এর যুগ্ম বার্তা সম্পাদক টিএইচএম জাহাঙ্গীর জানান, তাদের সহকর্মী ডাকসু নির্বাচন কভার করার সময় অসুস্থ হয়ে পড়েন এবং পরে মারা যান। এই ঘটনায় চ্যানেল এস পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত তরিকুল ইসলাম শিবলীর গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং থানার এতবারপুরে। তিনি উত্তরায় সপরিবারে বসবাস করতেন এবং দুই কন্যার জনক ছিলেন। কর্তব্যরত অবস্থায় তার এই অকাল প্রয়াণ সংবাদকর্মী মহলে গভীর শোকের সৃষ্টি করেছে