সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো সোনাতলা গ্রামের আজগার আলীর ছেলে আব্দুল্লাহ (৮) এবং কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে ইকবাল হোসেন (৭)।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাজী জানান, ইকবাল তার নানার বাড়ি সোনাতলা গ্রামে বেড়াতে এসেছিল। শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা নামাজ আদায় করতে গেলে ইকবাল ও আব্দুল্লাহ বাড়ির পাশের পুকুরের পাশে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত তারা দুজনই পুকুরে পড়ে যায়।
বিষয়টি প্রথমে স্থানীয় নাহার বেগমের নজরে আসে। তিনি শিশু দুটিকে পানিতে দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার জানান, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।