পবিত্র ঈদুল ফিতরের পর ঢাকা শহরকে পরিষ্কার করা হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনিযুক্ত প্রশাসক মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। মঙ্গলবার (১০ মার্চ) বিকালে রাজধানীর বিজয়নগরে একটি হোটেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মার্কেট ফেডারেশন আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
আব্দুস সালাম বলেন, ঢাকা শহরের যে ভয়াবহ অবস্থা, তা বেশিদিন চলতে পারেনা। ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও শৃঙ্খলায় আনতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজন।
তিনি আরও বলেন, ফুটপাত দখল, অটোরিকশার বিশৃঙ্খল চলাচল ও তীব্র যানজটসহ নানা সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট সবার সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। শহরের ফুটপাতগুলো হকারদের দখলে চলে গেছে। বিভিন্ন মার্কেটের সামনে দোকানের সামনে ফুটপাত দখল করে আবার দোকান বসানো হয়েছে। অনেক ক্ষেত্রে শোনা যায়, দোকান মালিকরাই দোকানের সামনে ফুটপাতে দোকান ভাড়া দেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে একটি স্থায়ী সমাধান বের করতে হবে।
তিনি বলেন, পুরো ঢাকা শহরে অটোরিকশার বিশৃঙ্খল চলাচলের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। এভাবে সারা শহরে রিকশা চলবে কি না, সেটিও সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। তবে ঈদের আগে কাউকে উচ্ছেদ করে ব্যবসা নষ্ট করা বা কারও রিজিক নষ্ট করা ঠিক হবে না। তাই ঈদের পর প্রশাসন, সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বৈঠক করে সমস্যাগুলোর সমাধান বের করা হবে এবং এ বিষয়ে ব্যবসায়ীদের মতামতও নেওয়া হবে।
ডিএসসিসি প্রশাসক বলেন, সিটি করপোরেশনের রাজস্ব আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হলো ঢাকার বিভিন্ন মার্কেট। কিন্তু যতটুকু আয় এখান থেকে হওয়ার কথা, বাস্তবে ততটা হচ্ছে না। নানা কারণে রাজস্ব আদায়ে ঘাটতি রয়েছে। এসব সমস্যাও খতিয়ে দেখার পাশাপাশি ব্যবসায়ীদের সুযোগ-সুবিধার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানান তিনি।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মার্কেট ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল বাসেতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য মোজাম্মেল হক মজু, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মো. আফজল হোসেন এবং ডিএসসিসির মার্কেট ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন টুটুল। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ফেডারেশনের সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা লায়ন মিয়া মো. আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রবসহ সংগঠনের নেতারা।