ব্রহ্মপুত্র রেলসেতুর ওপর দিয়ে ছাতা মাথায় দিয়ে নিশ্চিন্তে হাঁটছিলেন এক তরুণ। একটি বাঁক পেরিয়ে সেতুতে উঠে তাঁকে দেখতে পান ট্রেনচালক। হুইসেল বাজালেও শুনছিলেন না তরুণটি। বাধ্য হয়ে পূর্ণশক্তিতে ব্রেক কষেন এবং হুইসেল বাজাতে থাকেন চালক। এবার হকচকিয়ে সেতুর মাঝখানে বিশেষভাবে তৈরি নিরাপত্তা পাটাতনে আশ্রয় নেন ওই তরুণ। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যান তিনি।
রোববার সকাল ১০টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ঢাকাগামী ৭৭৮ নম্বর ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনটি ময়মনসিংহের ব্রহ্মপুত্র রেলসেতু অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনটি রোববার সকালে ময়মনসিংহের ব্রহ্মপুত্র রেলসেতু এলাকায় পৌঁছায়। ট্রেনটি একটি বাঁক পেরিয়ে সেতুতে ওঠার পরপরই চালক (লোকোমাস্টার) দেখতে পান, মাথায় ছাতা দিয়ে এক তরুণ নিশ্চিন্তে সেতুর ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন। ওই মুহূর্তে ট্রেন থেকে তরুণটির দূরত্ব ছিল মাত্র ৫০ থেকে ৬০ গজ এবং ট্রেনের গতি ছিল ঘণ্টায় প্রায় ৩৫ থেকে ৪০ কিলোমিটার। পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করে ট্রেনচালক এনায়েত ধ্রুব মুহূর্তের মধ্যে ট্রেনের থ্রটল আইডল (নিষ্ক্রিয়) করে পূর্ণশক্তিতে ব্রেক কষেন এবং টানা হুইসেল বাজাতে থাকেন।
জরুরি হুইসেলের শব্দ শুনে ওই তরুণ বিপদ বুঝতে পারেন এবং তাৎক্ষণিক সেতুর মাঝখানে বিশেষভাবে তৈরি নিরাপত্তা পাটাতনে আশ্রয় নেন। পরে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই ট্রেনটি থেমে যায় এবং নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পান ওই তরুণ। পরে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে লোকোমাস্টার এনায়েত ধ্রুব ঘটনাটি তুলে ধরে সবাইকে রেলসেতু পারাপারে সচেতন ও সতর্ক থাকার অনুরোধ জানান।