ঢাকা, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলে দুপুর ১টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২৬ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ মো. আবদুল হাদিম মিয়ার সই করা অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সতর্কতা কার্যকর থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উড়িষ্যা ও তৎসংলগ্ন উত্তর অন্ধ্র প্রদেশে অবস্থান করা স্থল গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও দুর্বল হতে পারে।
এ অবস্থায় মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল রয়েছে।
এর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
আগামীকাল ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
রবিবার থেকে বৃষ্টিপাত কিছুটা কমলেও দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে।
পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, সার্বিক আবহাওয়ার পরিস্থিতিতে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ২৭ সেপ্টেম্বরের দিকে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।