বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
চাঁদের আড়ালে হারিয়ে গেল সূর্য, কোটি মানুষের চোখে বিরল মহাজাগতিক দৃশ্য ডেঙ্গু প্রতিরোধে ঢাবিতে বিএনসিসির সচেতনতা র‍্যালি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে খিলক্ষেতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৪ সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়-বৃষ্টি চাঁদপুরে মায়ের সামনে গাছে বেঁধে ছেলেকে মারধর, আটক ১ স্বামীর দাফনের ৬ ঘণ্টার পর স্ত্রীরও মৃত্যু কলম্বিয়ায় ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ১ নারী আশুলিয়ায় স্কুলছাত্রী অপহরণ, এনসিপি নেতাসহ গ্রেপ্তার ২ কাঠের সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রুশ নাগরিকের মৃত্যু

চাঁদের আড়ালে হারিয়ে গেল সূর্য, কোটি মানুষের চোখে বিরল মহাজাগতিক দৃশ্য

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশের কোটি কোটি মানুষ প্রজন্মের অন্যতম সেরা ও নাটকীয় সূর্যগ্রহণের সাক্ষী হয়েছেন। প্রায় ৩০ বছরের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এ সূর্যগ্রহণে যুক্তরাজ্যের বেশিরভাগ এলাকা থেকে সূর্যের ৯০ শতাংশের বেশি অংশ চাঁদের আড়ালে ঢাকা পড়তে দেখা যায়। তবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও স্পেনের কিছু এলাকায় দেখা গেছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে শুরু হওয়া এ সূর্যগ্রহণ দেখতে যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দর্শনীয় স্থানে মানুষের ভিড় জমে। আকাশ পরিষ্কার থাকায় মধ্য ও দক্ষিণ ইংল্যান্ড এবং ওয়েলসের অনেক মানুষ প্রায় এক ঘণ্টা ধরে চাঁদের ধীরে ধীরে সূর্যকে ঢেকে দেওয়ার দৃশ্য উপভোগ করেন। উত্তর ইংল্যান্ড, স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের কিছু এলাকায় আকাশ মেঘলা থাকলেও সূর্যগ্রহণ দেখতে মানুষের আগ্রহে কমতি ছিল না।

যুক্তরাজ্যে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে উত্তর স্কটল্যান্ড থেকে আংশিক সূর্যগ্রহণ শুরু হয়। এরপর ধীরে ধীরে তা দক্ষিণের দিকে এগিয়ে যায়। সন্ধ্যা ৭টার কিছু পর গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে দেশটির বেশিরভাগ এলাকা থেকে সূর্যের ৯০ শতাংশের বেশি অংশ চাঁদের আড়ালে ঢাকা পড়ে। কর্নওয়ালে সূর্যের প্রায় ৯৫ শতাংশ পর্যন্ত ঢাকা পড়ে। ১৯৯৯ সালের পর যুক্তরাজ্য থেকে দেখা এটিই ছিল সবচেয়ে নাটকীয় সূর্যগ্রহণ।

তবে আইসল্যান্ড ও স্পেনের কিছু এলাকায় দৃশ্য ছিল আরও অসাধারণ। সেখানে সূর্য, চাঁদ ও পৃথিবী প্রায় সরলরেখায় অবস্থান করায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। কয়েক মিনিটের জন্য দিনের আলো অনেকটাই কমে গিয়ে চারপাশে অন্ধকার নেমে আসে। পূর্ণগ্রাসের সময় চাঁদের আড়াল থেকে সূর্যের করোনা বা বাইরের উত্তপ্ত বায়ুমণ্ডল দৃশ্যমান হয়।

চিলির বিজ্ঞানী ইয়াসমিন কাত্রিচিও এ দৃশ্য দেখতে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলের আ কোরুনিয়ায় যান। পূর্ণগ্রাসের মুহূর্তের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, সবাই উল্লাস করছিলেন এবং অসাধারণ দৃশ্যের উত্তেজনা একে অপরের সঙ্গে ভাগ করে নিচ্ছিলেন। সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।

সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে এবং সূর্যের আলো আংশিক বা পুরোপুরি আটকে দেয়। এবারের গ্রহণে যুক্তরাজ্যের মানুষ আংশিক গ্রহণ দেখলেও স্পেনের নির্দিষ্ট কিছু এলাকায় পূর্ণগ্রাস দেখা গেছে।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সাধারণ ঘটনা নয়। পৃথিবীর কোনো না কোনো স্থানে গড়ে প্রতি ১৮ মাসে একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গেলেও নির্দিষ্ট কোনো স্থান থেকে এমন দৃশ্য দেখার সুযোগ খুবই বিরল। একই এলাকায় গড়ে প্রায় ৪০০ বছর পর পর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়।

২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে বিশ্বজুড়ে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার এক বিশেষ সময় আসছে। এ সময়ে সূর্যগ্রহণপ্রেমীরা বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়ে একাধিক পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার সুযোগ পাবেন।

তবে যুক্তরাজ্য থেকে শিগগির পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার সুযোগ নেই। ২০২৭ সালে দেশটির কিছু এলাকা থেকে একটি আংশিক সূর্যগ্রহণ দেখা যেতে পারে, যেখানে সূর্যের প্রায় ৪৫ শতাংশ পর্যন্ত অংশ চাঁদের আড়ালে চলে যাবে।

এরপর আরও বড় সূর্যগ্রহণ দেখতে যুক্তরাজ্যবাসীকে অপেক্ষা করতে হবে ২০৮১ সাল পর্যন্ত। ওই বছর দেশটির কিছু এলাকা থেকে সূর্যের প্রায় ৯৯ শতাংশ ঢাকা পড়ার দৃশ্য দেখা যেতে পারে। আর যুক্তরাজ্য থেকে পরবর্তী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে ২০৯০ সালে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102