চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী মেধাকচ্ছপিয়া এলাকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (৮ জুন) বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
মালুমঘাট হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনাস্থলে এক শিশুর মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহত ব্যক্তির মধ্যে একজন বাসচালক হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলেও তিনি জানান।