বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

চিরকুট রেখে মসজিদে আত্মহত্যা করলেন ইমাম

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ২৪ জুন, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে মোহাম্মদ আমির হোসেন (৪০) নামে এক ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে একটি চিরকুট লিখে যাওয়ার পাশাপাশি নিজের ফেসবুক আইডিতেও একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি। 

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদের দ্বিতীয় তলার কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

আমির হোসেনের গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তিনি ১৩ বছর ধরে রাজা মিয়া সওদাগর জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মোতাওয়াল্লি মোহাম্মদ ইফতেকার আহমেদ জানান, মঙ্গলবার আছরের নামাজে তিনি ইমামতি করেন। তবে মাগরিব ও এশার নামাজের সময় তাকে মসজিদে দেখা যায়নি। প্রথমে ধারণা করা হয়েছিল, তিনি ব্যক্তিগত কোনো কাজে বাইরে গেছেন। কিন্তু দীর্ঘ সময়েও ফিরে না আসায় স্থানীয় মুসল্লিরা তার খোঁজ শুরু করেন।

একপর্যায়ে মসজিদের দ্বিতীয় তলায় ইমামের কক্ষের দরজা বন্ধ দেখতে পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে ভেতরে ফ্যানের সঙ্গে সবুজ রঙের কাপড় পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। পাশে একটি মই পড়েছিল।

খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। পরে কক্ষ তল্লাশি করে একটি হাতে লেখা চিরকুট পাওয়া যায়। সেখানে পারিবারিক কলহের বিষয় উল্লেখ ছিল বলে জানিয়েছেন মসজিদ কর্তৃপক্ষ।

ইফতেকার আহমেদ আরও বলেন, ১৩ বছর ধরে তিনি এই মসজিদে খেদমত ও ইমামতির দায়িত্ব পালন করেছেন। এলাকার মানুষের সঙ্গে তার অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। তিনি নম্র, ভদ্র ও ধর্মপ্রাণ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার এমন মৃত্যু আমাদের সবাইকে মর্মাহত করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিনি লিখেছিলেন, ‘যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ তার এই স্ট্যাটাসকে ঘিরেও এলাকায় নানা আলোচনা চলছে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102