মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হবে ১ জুলাই

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
আগামী ১ জুলাই ২০২৬ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, স্মরণিকা প্রকাশসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।আজ মঙ্গলবার (২ জুন) অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সভায় এসব কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম। উল্লেখ্য, ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল।সভায় প্রো-উপাচার্য (শিক্ষা) আব্দুস সালাম, প্রো-উপাচার্য (প্রশাসন) মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, সিনেট ও সিন্ডিকেট সদস্য, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর এবং বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।গৃহীত কর্মসূচি অনুযায়ী, ১ জুলাই সকাল সাড়ে ৯টায় উপাচার্য ভবন সংলগ্ন স্মৃতি চিরন্তন চত্বরে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সমবেত হবেন। সকাল ৯টা ৪৫ মিনিটে উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে, যা ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন পায়রা চত্বরে গিয়ে শেষ হবে।সকাল ১০টায় পায়রা চত্বরে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা এবং বিভিন্ন হলের পতাকা উত্তোলন করা হবে। এ সময় জাতীয় সংগীত ও উদ্বোধনী সংগীত পরিবেশিত হবে।পরে সকাল সাড়ে ১০টায় টিএসসি মিলনায়তনে উপাচার্যের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।দিবসটি উপলক্ষে একটি বিশেষ স্মরণিকা প্রকাশ করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশদ্বারে তোরণ নির্মাণ করা হবে।সভায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনে সবার সহযোগিতা কামনা করেন উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম।এ সময় তিনি শিক্ষা ও গবেষণার উন্নয়ন, শিক্ষার অনুকূল পরিবেশ সংরক্ষণ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102