ঢাকা-১৮ আসনের আওতাধীন খিলক্ষেত এলাকায় সংঘটিত একটি অপহরণের ঘটনায় সন্দেহভাজন এক ব্যাক্তিকে খুঁজছে পুলিশ।
জানা যায়, ভিকটিম মো. আসাদুজ্জামান মঙ্গলবার (১ এপ্রিল) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে কুড়িল বিশ্বরোডের বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে একটি সাদা প্রাইভেটকারে শেয়ার যাত্রী হিসেবে গাউছিয়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ৩০০ ফিট পুলিশ হাউজিংয়ের সামনে পৌঁছালে গাড়ির পেছনের সিটে বসা দুই ব্যক্তি দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার চোখ ও হাত বেঁধে ফেলে।
এসময় দুর্বৃত্তরা ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন, মানিব্যাগ, ডেবিট কার্ড এবং নেক্সাস পে–এর পাসওয়ার্ড নিয়ে নেয়। পরবর্তীতে তাকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার আলমপুর এলাকার একটি নির্জন সড়কে ফেলে রেখে পালিয়ে যায় অপহরণকারীরা।
এ ঘটনায় খিলক্ষেত থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন ওই ভুক্তভোগী। পরবর্র্তীতে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজন সন্দেহভাজন ব্যাক্তিকে শনাক্ত করেছেন।যিনি ছবিতে প্রদর্শিত রয়েছেন।
এদিকে, মামলার সুষ্ঠ তদন্তের স্বার্থে ছবিতে প্রদর্শিত ব্যাক্তির পরিচয় বা অবস্থান সম্পর্কে কোনো তথ্য থাকলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে খিলক্ষেত থানা পুলিশ।