মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
চট্টগ্রাম বন্দরের ইজারার সিদ্ধান্ত বাতিলের দাবিতে মশাল মিছিল রাজপথের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক পথচলা থেকে নেতৃত্বের প্রত্যাশায় সেলিম আহমেদ রেজা নতুন কমিটিতে আমিনুল হককে সভাপতি চান উত্তর বিএনপির নেতাকর্মীরা, গুলশানে বিক্ষোভ ত্রয়োদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত আওয়ামী লীগের সঙ্গে কোনো পুনর্মিলন নয়, বিচার নিশ্চিত করতে হবে রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের গাড়িচালক ওবায়দুর খুলনায় হাম নিয়ে উদ্বেগ, শিশু মৃত্যুর তথ্য নিয়ে আলোচনা BATEXPO 2026: বাংলাদেশের পোশাকশিল্পে বিশ্ব আস্থার নতুন প্রতিচ্ছবি নানা আয়োজনে দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত সুইডেন বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন কেন্দুয়ার আনোয়ার হোসেন খান

ডিবি পরিচয়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা গ্রেফতার

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

​ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ১০ লাখ টাকা আত্মসাৎকারী একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. জাবেদ হোসেন (৫১)। 

বুধবার বিকালে রাজধানীর জনসন রোড এলাকা থেকে ডিবি ওয়ারী বিভাগের একটি চৌকস দল তাকে গ্রেফতার করে।

​তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভুক্তভোগী বিল্লাল হোসেন মোল্লা বর্তমানে একটি মামলায় কাশিমপুর কারাগারে বন্দি রয়েছেন। গত ৫ এপ্রিল সকালে তার ব্যক্তিগত গাড়ির চালক রফির মোবাইলে অজ্ঞাত এক ব্যক্তি ফোন দিয়ে নিজেকে ডিবি কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। খবর পেয়ে বিল্লাল হোসেনের স্ত্রী ওই নম্বরে যোগাযোগ করলে প্রতারক চক্র জানায়, তার স্বামীকে রিমান্ডে নিয়ে ব্যাপক মারধর করা হচ্ছে। তাকে রিমান্ড থেকে বাঁচাতে এবং মুক্তি দিতে হলে ১০ লাখ টাকা প্রয়োজন।

​প্রতারক চক্রটি ভুক্তভোগীর বিশ্বাস অর্জনের জন্য অত্যন্ত সুকৌশলে তার স্বামীর কণ্ঠস্বর নকল করে ফোনে কথা বলিয়ে দেয়। কান্নাজড়িত কণ্ঠে স্বামীর আর্তনাদ শুনে বিল্লাল হোসেনের স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েন এবং তড়িঘড়ি করে আত্মীয়-স্বজনের কাছ থেকে ১০ লাখ টাকা সংগ্রহ করেন।

​প্রতারকদের নির্দেশনা অনুযায়ী, ভুক্তভোগী নারী প্রথমে মালিবাগ সিআইডি কার্যালয়ের সামনে যান। এরপর প্রতারকদের কথা মতো এসএ পরিবহণের যাত্রাবাড়ী শাখায় ‘লুৎফর জামান’ নামে ওই ১০ লাখ টাকা মানি পার্সেল করেন। টাকা পাঠানোর পর তাকে বলা হয় কাশিমপুর কারাগারে গেলেই তার স্বামীকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু পথিমধ্যে উত্তরা পৌঁছাতেই প্রতারকদের ব্যবহৃত নম্বরগুলো বন্ধ পাওয়া যায়। তখনই তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন।

​প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভুক্তভোগী গোয়েন্দা বিভাগে লিখিত অভিযোগ দায়ের করেন। ডিবি ওয়ারী বিভাগের একটি দল সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার বিকাল ৪টার দিকে কোতোয়ালী থানাধীন জনসন রোড এলাকায় অভিযান চালিয়ে মূল হোতা জাবেদ হোসেনকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির ​উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) এনএম নাসিরুদ্দিন জানান, গ্রেফতারকৃত জাবেদের বিরুদ্ধে ডিএমপি পল্টন থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102