রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কলেজ ছাত্রীসহ চার নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার সকালের মধ্যে বাড্ডা, মিরপুর, ডেমরা ও যাত্রাবাড়ী থেকে উদ্ধার করা হয় এসব লাশ। পুলিশ ও হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
পুলিশ বলছে, পৃথক চারটি বাসাবাড়ি থেকে ফাঁস দেওয়া অবস্থায় এসব লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে নাকি অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে তার তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এসব ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা বলেন, শুক্রবার রাতে আফতাবনগর বাঘাপুর এলাকার একটি বাসা থেকে সুবর্ণা নামের এক গৃহপরিচারিকার লাশ উদ্ধার করা হয়।
ওই বাসায় স্বামীর সঙ্গে থাকতেন তিনি। স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধের জেরে সুবর্ণা ‘আত্মহত্যা’ করেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এদিকে মিরপুর ১০ নম্বরের একটি বাসায় গলায় ফাঁস দিয়ে মোছা. সানজানা ইসলাম মিম (১৯) নামে এক কলেজছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে মিরপুর ১০ নম্বর ভাড়া বাসার ৩য় তলায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্বজনরা।
নিহত সানজানা ইসলাম মিরপুর ইংলিশ ভার্সন স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সে বরগুনা সদর উপজেলার চাঁদখালী গ্রামের শওকত মৃধার মেয়ে।
সানজানার বড় ভাই সাখাওয়াত হোসেন জানান, সকালে সবার অগোচরে তার রুমে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সানজানা। তার কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে সেখান থেকে সকাল ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ীর কোনাপাড়া আদর্শবাগ এলাকার একটি বাসা থেকে আশা আক্তার নামের অন্য এক নারীর লাশ উদ্ধার করা হয়। তার ভাই আকাশ পুলিশের কাছে দাবি করেন, গত শুক্রবার গভীর রাতে বাসার একটি কক্ষে ফাঁস দেওয়া অবস্থায় তার বোনকে পাওয়া যায়। পরে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, আগেই তার মৃত্যু হয়।
এ ছাড়া ডেমরার পূর্ব বক্সনগর এলাকার একটি বাড়ি থেকে কোহিনূর নামের অন্য এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। শুক্রবার রাত ৩টার দিকে ডেমরা থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠায়।