বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

ন্যূনতম মজুরি নিয়ে অসন্তোষের জেরে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেয় পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মিছিল নিয়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ দ্রুত সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। এতে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, সকাল পৌনে ৯টার বেশ কয়েকজন শ্রমিক মিছিল নিয়ে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে।

তাৎক্ষণিক পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে ব্যাঘাত ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে গাজীপুরের কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার কারখানায় নতুন করে আজ ছুটি ঘোষণা করা হয়েছে।

যেকোনো সময় পরিস্থিতি অস্বাভাবিক হতে পারে, তাই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

এ ছাড়া সদর উপজেলার বাঘের বাজার, ভবানীপুর, শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টার বাড়ি, বৈরাগীর চালা, কেওয়াসহ বেশ কিছু কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, জেলায় শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও উৎপাদন স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

 

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102