ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নিচতলায় একটি বাথরুম থেকে অজ্ঞাত এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
সোমবার (৫ অক্টোবর) হাসপাতালে কর্মরত প্লাটুন কমান্ডার মো. শাহদাদ জানান, হাসপাতালের নিচতলায় ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মাঝামাঝি একটি বাথরুমে পানির পাইপের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই নারীকে দেখতে পান তিনি। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তা পুলিশকে অবিহিত করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান। তিনি বলেন, খবর পেয়ে শাহবাগ থানা-পুলিশ ঘটনাস্থল বাথরুমের ভেতরে একটি ছুরি ও একটি ব্যানিটি ব্যাগ পড়ে থাকতে দেখে। এছাড়া দেয়ালে রক্তের দাগও দেখতে পায়। তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইম সিন ইউনিটকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহের পর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় ওই নারীর পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।