সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বালেন্দ্র শাহ-মোদির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয় টঙ্গীতে বসতবাড়িতে আগুন, শিশুসহ তিনজন দগ্ধ ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সাধারণ সম্পাদক নজরুল আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ টিকার আগে যে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে হজযাত্রীদের দুবাইফেরত যাত্রীর শরীর থেকে ৩ কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার আশুলিয়ায় সড়কে পোশাকশ্রমিকদের অবস্থান, বাস ভাঙচুরের চেষ্টা পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৪৩০০ টাকা প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ শাহজালাল বিমানবন্দর থেকে আটক শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ শাহজালাল বিমানবন্দরে প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম (৬৪৩ ভরি) ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ ৩ জনকে আটক

বালেন্দ্র শাহ-মোদির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। সোমবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়।

এ সফরে দুই দেশের মধ্যে রেল যোগাযোগ আরো জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর অংশ হিসেবে দুই নেতা ভার্চুয়াল মাধ্যমে ‘সরযূ-কমলা এক্সপ্রেস’ নামে নতুন একটি সাপ্তাহিক ট্রেন পরিষেবার উদ্বোধন করবেন। এই ট্রেন ভারতের উত্তর প্রদেশের অযোধ্যার সঙ্গে নেপালের জনকপুর ধামকে যুক্ত করবে।

গত ২৭ মার্চ নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই বালেন্দ্র শাহর প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর।

এর আগে গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর করেছিলেন।
নেপালের নবনির্বাচিত প্রধানমন্ত্রীদের প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বিদেশ সফরের গন্তব্য হিসেবে ভারতকে বেছে নেওয়ার দীর্ঘদিনের রীতি রয়েছে। তবে এটি বাধ্যতামূলক কোনো নিয়ম নয়। ২০২৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এই রীতির ব্যতিক্রম ঘটিয়ে প্রথমে চীন সফর করেছিলেন। বালেন শাহের সফরসূচি

৩৫ বছর বয়সী নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র ‘বালেন’ শাহকে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়। এরপর তিনি মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজঘাটে যাবেন। সফরকালে তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন। এ ছাড়া, নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার ৩০ মিনিটের একান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে দুই দেশের প্রতিনিধিরা বিভিন্ন সমঝোতা স্মারক বিনিময় করবেন।

পরে উভয় দেশের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি দেওয়া হবে।
‘দ্য কাঠমান্ডু পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, ভারত ও নেপালের মধ্যে বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে রয়েছে ভারতীয় আকাশসীমা ব্যবহার করে নেপালের জন্য অতিরিক্ত বিমান চলাচলের পথ চালু করা, দুর্যোগের পর পুনর্গঠনে ভারতের সহায়তা এবং দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন উদ্যোগ। আন্তর্জাতিক বিমান যোগাযোগ উন্নত করতে নেপাল দীর্ঘদিন ধরে ভারতীয় আকাশসীমা দিয়ে অতিরিক্ত আকাশপথ চালুর দাবি জানিয়ে আসছে। বিশেষ করে ভৈরহওয়া ও পোখরায় অবস্থিত দেশটির দুটি আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য এই সুবিধা চায় কাঠমান্ডু।

এ ছাড়া, বন্যার পর পুনর্গঠন ও অবকাঠামো উন্নয়নে ভারতের কাছ থেকে বড় ধরনের আর্থিক সহায়তা প্রত্যাশা করছে নেপাল। এ জন্য অনুদান ও সহজ শর্তে ঋণ চায় দেশটি। জানা গেছে, গত ২৬ আগস্ট ভোতেকোশি-রাসুওয়া করিডোরে ভয়াবহ বন্যার পর পুনর্গঠন ও পুনর্বাসনের কাজে নেপাল ভারত সরকারের কাছে প্রায় ২০০ কোটি ডলার সহায়তা চেয়েছে। দুই দেশের বৈঠকে জ্বালানি খাতের সহযোগিতাও গুরুত্ব পেতে পারে। নেপাল ভারতে বিদ্যুৎ রপ্তানি বাড়াতে চায়। অন্যদিকে, নেপালের জলবিদ্যুৎ খাতে বিনিয়োগে ভারতের আগ্রহও বাড়ছে।

ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় নেপালে ফিরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর। তার সফরসঙ্গী হিসেবে অন্তত চারজন মন্ত্রী রয়েছেন বলে জানা গেছে।

তাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, অবকাঠামোমন্ত্রী, পর্যটন ও বেসামরিক বিমান চলাচলমন্ত্রী এবং জ্বালানি ও পানিসম্পদমন্ত্রী রয়েছেন। এ ছাড়া, ভারতের বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক এবং ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ খুঁজতে কয়েকজন ব্যবসায়ী ও শিল্পপতিও শাহের সফরসঙ্গী হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102