গাজা উপত্যকার খান ইউনিসে পৃথক দুটি বিমান হামলা চালিয়ে হামাসের এক সামরিক কমান্ডার এবং তাদের পর্যবেক্ষণ ইউনিটের এক সদস্যকে হত্যার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আইডিএফ জানায়, রবিবার (৪ অক্টোবর) ভোরে চালানো হামলায় হামাসের সামরিক শাখার কমান্ডার মুয়াদ গামাল আবু নুসেইরা নিহত হয়েছেন।
এর আগে শনিবারের (৩ অক্টোবর) হামলায় নিহত হন হামাসের পর্যবেক্ষণ ইউনিটের সদস্য মাহমুদ ইব্রাহিম দিব আলিয়ান।
আইডিএফ-এর দাবি, আলিয়ান সম্প্রতি ‘ইয়েলো লাইন’ এলাকায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে তৎপরতা বাড়াচ্ছিলেন এবং হামাসের পুনর্গঠনে কাজ করছিলেন, যা যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন।
এএনআই এর প্রতিবেদন অনুযায়ী, হামলা চালানোর আগে আকাশপথে নজরদারিসহ বেসামরিক নাগরিকদের ক্ষতি কমানোর পদক্ষেপ নেওয়া হয়েছিল বলেও দাবি করে আইডিএফ। বর্তমানে সেখানে সাউদার্ন কমান্ডের সেনারা মোতায়েন রয়েছে এবং যেকোনো তাৎক্ষণিক হুমকি মোকাবিলায় অভিযান অব্যাহত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এদিকে পৃথক আরেক হামলায় হামাসের ‘নুখবা’ বাহিনীর সদস্য সাকর নাবিল মুসা কায়সিকে হত্যার দাবিও করেছে আইডিএফ। ইসরায়েলের অভিযোগ, কায়সি একটি তুর্কি মানবিক সংস্থা ‘দেনিজ ফেনেরির’ পরিচালক হিসেবে কাজ করতেন। তিনি মানবিক সংস্থার পরিচয়ের আড়ালে হামাসের জন্য অর্থ সংগ্রহ ও সদস্য নিয়োগের কাজ করতেন বলে দাবি করে আইডিএফ।