নতুন জামা কিনে একবার বা দুইবার পরার পর ধোওয়ার প্রয়োজন হয়। সাবান পানিতে ডোবাতেই রং ওঠে। আবার কিছু জামা থাকে সেগুলো যতই পুরাতন হোক না কেন, রং ওঠেই। এই সমস্যা এড়াতে একটি কৌশল কাজে লাগাতে পারেন। সাবান পানিতে ভেজানোর আগে জামাকাপড়ে লবণ মাখিয়ে রাখুন। এই টোটকা আপনার পোশাককে নতুনের মতো রাখবে, আবার পোশাক থেকে রংও উঠবে না।
ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, জামাকাপড়ে লবণ মাখিয়ে রাখলে রং ওঠে না। লবণ জামাকাপড়ে জমে থাকা ময়লা, মিনারেল আলগা করে দেয়। এমনকি সাবানের কণাও আলগা করে। তাই লবণ মাখিয়ে রাখার পরে জামাকাপড় কাচলে রং ওঠে না, উল্টে কাপড় নিজের রং ফিরে পায়। কাপড়ের উজ্জ্বলতা অটুট থাকে। এমনকি সাদা পোশাক থেকেও ধূসর ভাব দূর হয়ে যায়।
কীভাবে কাজে লাগাবেন এই টোটকা?
পোশাক ঠান্ডা পানিতে ভিজিয়ে নিন। অতিরিক্ত পানি নিংড়ে নিন। তারপর এতে লবণ মাখান। এক বালতি পানিতে আধা কাপ লবণ দিন। তার মধ্যে কাপড়-জামা দিয়ে ভালো করে ভিজিয়ে রাখুন। আধা ঘণ্টা ভিজিয়ে রাখার পরে জামাকাপড় কেচে নিন।
ওয়াশিং মেশিনে কাপড় ধুলে কী করবেন?
ওয়াশিং মেশিনে কাচলে ডিটারজেন্টের সঙ্গে আধ কাপ লবণ মেশান। ওয়াশিং মেশিনে মোটা দানাযুক্ত লবণ ব্যবহার করুন। লবণ স্ক্রাবারের কাজ করবে। জামাকাপড় থেকে ময়লা, খনিজ ও সাবানের কণা পরিষ্কার করবে লবণ। পাশাপাশি পোশাক থেকে রং ওঠে পানিতে মিশবে না।