জামালপুরের মেলান্দহে নিখোঁজের প্রায় ৬ ঘণ্টা পর পুকুর থেকে মামা-ভাগ্নের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল ৫টা থেকে দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। পরে রাত আনুমানিক ১০টা ৫৫ মিনিটে বাড়ির পাশের একটি পুকুরের স্থানীয়রা শিশু দুটির জুতা ও খেলার বল দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজ চালান। একপর্যায়ে পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলো- উপজেলার চরবাণি পাকুরিয়া ইউনিয়ন রায়ের বাকাই গ্রামের আব্দুর রফিকের ছেলে আন্নাফি (৮) ও একই এলাকার মঞ্জুর ছেলে রিফাত হোসেন (৭)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
বিষয়টি নিশ্চিত করে মেলান্দহ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, বিকাল থেকে দুই শিশু নিখোঁজ ছিল। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। রাত ১০টা ৫৫ মিনিটের দিকে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।