শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ, নয়তো বাসা বাতিল শিক্ষাঙ্গন থেকেই গড়ে উঠুক মানবিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন: ডেপুটি স্পীকার প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত ন্যায়বিচার প্রতিষ্ঠায় ক্ষমতার নয়, নীতির চর্চা করতে হবে — ডেপুটি স্পীকার খিলক্ষেতে নূরাইন ইসলাম রাহার ইন্তেকাল, এলাকাজুড়ে শোকের ছায়া টঙ্গীতে শিক্ষকের মুক্তি ও মাদরাসায় হামলার প্রতিবাদে আলেম-ওলামাদের মানববন্ধন: ৭২ ঘণ্টার আলটিমেটাম টঙ্গীতে সড়ক দূর্ঘটনা; দাবী পূরণের আশ্বাসে অবরোধ প্রত্যাহার তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সুরির লাশ উদ্ধার মিরপুর-১০ নম্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ, নয়তো বাসা বাতিল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

সরকারি আবাসন বরাদ্দ নিয়ে নিজে বসবাস না করে অন্যের কাছে বাসা বা ফ্ল্যাট ভাড়া কিংবা সাবলেট দিয়েছেন—এমন সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। শনিবার (৩১ অক্টোবর) এর মধ্যে এসব বাসা থেকে ভাড়াটে ও সাবলেটগ্রহীতাদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পরও কোনো সরকারি বাসায় ভাড়াটে পাওয়া গেলে সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপকের বাসা বাতিলের পাশাপাশি শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সরকারি আবাসন পরিদপ্তর এ বিষয়ে জরুরি গণবিজ্ঞপ্তি জারি করেছে। এতে পরিদপ্তরের আওতাধীন সব সরকারি বাসা ও ফ্ল্যাটের বরাদ্দপ্রাপক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনাটি জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি পরিদর্শন দলের প্রতিবেদনে দেখা গেছে, কিছু সরকারি চাকরিজীবী তাদের নামে বরাদ্দ করা বাসার এক বা একাধিক কক্ষ কিংবা পুরো ফ্ল্যাট অন্যের কাছে ভাড়া বা সাবলেট দিয়েছেন। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর পরিপন্থী।

নির্দেশনায় বলা হয়েছে, নিজের নামে বরাদ্দ পাওয়া বাসার সম্পূর্ণ অংশ বা আংশিক কোনো অংশই অন্যের কাছে ভাড়া কিংবা সাবলেট দেওয়া যাবে না। ইতিমধ্যে যারা এ ধরনের ব্যবস্থা করেছেন, তাদের ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটে বা সাবলেটগ্রহীতাদের সরিয়ে দিতে হবে। পাশাপাশি বরাদ্দ পাওয়া কর্মকর্তা-কর্মচারীকেই সংশ্লিষ্ট বাসায় অবস্থান ও বসবাস করতে হবে।

নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর কোনো সরকারি বাসায় ভাড়াটে বা সাবলেটগ্রহীতা পাওয়া গেলে কারণ দর্শানোর সুযোগ ছাড়াই বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২ অনুযায়ী বরাদ্দ বাতিল করা হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে বিধি অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া বিধিমালার ১৪(৩) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপকের অফিসপ্রধান ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে। ওই কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হবে।

আবাসন পরিদপ্তরের কর্মকর্তারা জানান, রাজধানীর আজিমপুর, মতিঝিল, মিরপুরসহ বিভিন্ন এলাকায় সরকারি আবাসন পরিদপ্তরের ফ্ল্যাট রয়েছে। এসব বাসা যাদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে, তাদের অনেকে সেখানে বসবাস না করে অন্যদের কাছে ভাড়া দিয়ে রেখেছেন। দীর্ঘদিন ধরেই এ ধরনের অনিয়ম চলে আসছে।

সরকারি আবাসন পরিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, রাজধানীতে বিভিন্ন শ্রেণির মোট ১৯ হাজার ৯১টি সরকারি বাসা রয়েছে। এর মধ্যে সচিবদের জন্য ১১৪টি সচিব নিবাস এবং ৭৯টি বাংলো রয়েছে। গ্রেড-৩ বা তদূর্ধ্ব কর্মকর্তাদের জন্য ৫৫৮টি সুপিরিয়র শ্রেণির বাসা, গ্রেড-৫ বা তদূর্ধ্বদের জন্য ১ হাজার ৮৯৯টি এবং গ্রেড-৬ বা তদূর্ধ্বদের জন্য ১ হাজার ৮৯০টি বাসা বরাদ্দ রয়েছে।

এ ছাড়া গ্রেড-৭ থেকে ৯-এর জন্য ২ হাজার ৬৩২টি, গ্রেড-১০ থেকে ১২-এর জন্য ৪ হাজার ৮৯০টি এবং শুধু গ্রেড-৯ কর্মকর্তাদের জন্য নির্ধারিত ৭৭৫টি ফ্ল্যাট রয়েছে। কর্মচারীদের মধ্যে ১২ ও ১৩ গ্রেডের জন্য ১ হাজার ৮৪টি, ১৪ ও ১৫ গ্রেডের জন্য ১ হাজার ৫৭৪টি, ১৬ ও ১৭ গ্রেডের জন্য ২ হাজার ৫১৩টি এবং ১৮ থেকে ২০ গ্রেডের জন্য ২ হাজার ৬১টি ফ্ল্যাট রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102