বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নিখোঁজের ৬ ঘণ্টা পর পুকুরে মিলল মামা-ভাগ্নের লাশ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের জার্সি কেনার হিড়িক মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আট দলের সম্ভাবনা বিশ্লেষণ যুদ্ধে কতটা সফল ইরান? ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত প্রশাসনিক কাজে জবাবদিহি নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহীদ জিয়ার ….স্বাস্থ্যমন্ত্রী বেহাত হওয়া রাষ্ট্রীয় সম্পত্তি পুনরুদ্ধার ও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নে আইনি লড়াই জোরদার করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ তেলাপোকা কোথায় পেল ওড়ার শক্তি?

তেলাপোকা কোথায় পেল ওড়ার শক্তি?

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১০ জুন, ২০২৬

প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা?’ প্রজাপতি হলে সুরে সুরে প্রশ্ন করা যেতো। কিন্তু তেলাপোকা প্রজাপতির মত বর্ণিলও নয়, রোমান্টিকও নয়।

রাজনীতিতে অভিজ্ঞ বিরোধী জোটের নেতারা কেন পুঁচকে তেলাপোকাদের পিছে হাঁটছে, তাদের দাবির সাথে সুর মেলাচ্ছে? তেলাপোকার পাখায় এত জোর এলো কোথা থেকে? মিলিয়ন ডলারের এই প্রশ্নের উত্তর জানা বিরোধী জোটের যেমন জরুরি, তারচেয়ে বেশি জরুরি সরকারি দলের নেতাদের জানা। আসলে প্রচলিত ধারার রাজনীতি করা সবারই উত্তরটা জানা প্রয়োজন। তারা কেন যুগের পর যুগ রাজনীতি করেও তরুণদের কানেক্ট করতে পারছেন না? নিজেদের তেলাপোকা দাবি করা তরুণদের পিছে কেন সবাই লাইন দিচ্ছে?এ প্রশ্নের কোনো শটকাট উত্তর নেই। অনেকগুলো ফ্যাক্টর মিলেই তবে পাখা মেলেছে তেলাপোকা।প্রথম ফ্যাক্টর অবশ্যই বয়স। সুকান্ত ভট্টাচার্যের ’আঠারো বছর বয়স’ কবিতাটি পড়েছেন অনেকেই- ‘এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয়/পথ চলতে এ বয়স যায় না থেমে,/ এ বয়সে তাই নেই কোনো সংশয়/এ দেশের বুকে আঠারো আসুক নেমে।’ আসলে বয়স একটা দারুণ টনিক। ১৮ থেকে ৩০- এটা খুব বিপজ্জনক বয়স। একটু বয়স হলে মানুষ অনেক কিছুই মেনে নেয়, আপস করে।

তারুণ্য আপস করতে চয় না, জানে না। তরুণরা পড়াশোনা শেষ করে বুক ভরা স্বপ্ন আর চোখ ভরা আশা নিয়ে মাঠে নামে। কিন্তু মাঠে নেমেই দেখে চারপাশে শুধু হতাশা, তাদের চোখের সামনেই একের পর এক বন্ধ হয়ে যায় স্বপ্নের দরজা। তাদের কাজের জায়গাগুলো দখল করে ফেলে অন্য কেউ। তাদের কাছে সবকিছুই বেঠিক লাগে। এটা এমন কেন, ওটা তো হওয়ার কথা নয়।এমন শত অসংগতি, হাজারটা প্রশ্ন তাদের মাথায় কিলবিল করে। তারা সবকিছু ভেঙেচুরে গড়তে চায়। তারা হতাশ হয়, ক্ষুব্ধ হয়, ক্রদ্ধ হয়। কিছু একটা করার জন্য রাগে তারা তড়পাতে থাকে। তখন কেউ বামপন্থি, কেউ ডানপন্থী, কেউ চরমপন্থি দলে যোগ দিয়ে সমাজ বদলাতে চায়। কেউবা ডিপস্টেটের পাল্লায় পড়ে। এভাবে যুগে যুগে দেশে দেশে তরুণরা অনেককিছু করতে চেয়েছে কেউ পেরেছে, কেউ জীবন দিয়েছে। এই যে বুকের ভেতর ঝড় নিয়ে তড়পাতে থাকা অনেকগুলো মানুষ যখন একত্রিত হয়, তখন সেই ঝড় সাইক্লোন হয়ে যায়। ভারতের অভিজিত দীপক তেমন তড়পাতে থাকা অনেকগুলো মানুষকে একসাথে করেছেন। এটাই তার কৃতিত্ব।

ককরোচ জনতা পাটির ক্ষোভ নিছক সরকারের বিরুদ্ধে নয়, সিস্টেমের বিরুদ্ধে। তরুণদের অভিযোগ, এই সিস্টেম তাদের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে না। প্রচলিত রাজনীতিতে তাদের জন্য স্পেস নেই বললেই চলে। শুধু ভারত নয়, ককরোচ পার্টির অবিশ্বাস্য উত্থান থেকে শেখার আছে বিশ্বের সব দেশেরই। কারণ বিশ্বের সব দেশের তরুণদের মধ্যেই কমবেশি হতাশা, অপ্রাপ্তি, ক্ষোভ আছে। কখনো কখনো অভিজিত দীপকের মত কেউ সেই ক্ষোভের আগুনে ঘি ঢালেন। অধিকাংশ সময় সেই আগুন বয়সের সাথে সাথে আপনা আপনিই মিইয়ে যায়।

যুগে যুগে দেশে দেশে তরুণরা তাদের ক্ষোভের আগুনে প্রচলিত অনেক সিস্টেমকে ভেঙে তছনছ করে দিয়েছে। উদাহরণ পেতে ইতিহাসের পাতা ওল্টাতে হবে না। ঘরের কাছেই বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালে তরুণরা দেখিয়ে দিয়েছে তারা কি করতে পারে। প্রচলিত রাজনৈতিক দলগুলো বছরের পর বছর ধরে যা করতে পারেনি, তরুণরা কয়েকদিনেই তা করে চমকে দিয়েছে সবাইকে।

বাংলাদেশের ২৪এর জুলাই আন্দোলনের সঙ্গে ভারতের ককরোচ পাটির আন্দোলনের অনেকটাই মিল আছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে সরকারি চাকরির প্রসঙ্গে মুক্তিযোদ্ধা ও রাজাকারদের তুলনা করেছিলেন। তাতেই চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে থাকা তরুণরা ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগান দিয়ে মধ্যরাতে রাস্তায় নামলো। আন্দোলন পেলো নতুন গতি। ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত এক শুনানিতে তরুণদের কাউকে কাউকে তেলাপোকা বলে তুচ্ছ করেছিলেন। ‘ম্যায় হু ককরোচ’ বলে পরদিনই অনলাইনে তৈরি হয়ে গেল ককরোচ জনতা পাটি। এবার আন্দোলনের ইস্যুটা মিলিয়ে দেখুন। বাংলাদেশে আন্দোলন শুরু হয়েছিল চাকরিতে কোটা সংস্কারের দাবিতে। ককরোচ পাটির প্রথম প্রকাশ্য বিক্ষোভটা হয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে।

সম্প্রতি ভারতে নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষায় নানাবিধ সংকটের প্রতিবাদেই তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়েছে। তবে সমস্যাটা নিছক শিক্ষামন্ত্রীর নয়। এটাই আসলে সিস্টেমের সংকট। সিজেপির অবিশ্বাস্য উত্থানের আরেকটি বড় কারণ বাড়তে থাকা বেকারত্ব। ভারতে শিক্ষিত গ্র্যাজুয়েটদের ২৯ ভাগই কাজ পাচ্ছে না। আর এই ‘অলস বেকারদের’ই ডাক দিয়েছে তেলাপোকাদের দল। পড়াশোনা শেষ করে ঠিকঠাক চাকরি না পেলে তরুণরা ক্ষুব্ধ হবেনই। এটা বিশ্বের সব দেশেরই বাস্তবতা। তবে ভারত-বাংলাদেশের মত জনবহুল দেশে বেকারত্বের হার বেশি, তাই ক্ষুব্ধ তরুণের সংখ্যাও বেশি। ভারতে প্রতিবছর লাখ লাখ শিক্ষার্থী চাকরির বাজারে নামে। চাকরির জন্য তারা বিভিন্ন পরীক্ষায় অংশ নেয়। দারুণ প্রতিযোগিতামূলক এসব পরীক্ষা নিয়ে তাদের অভিযোগের অন্ত নেই। প্রশ্নপত্র ফাঁস, নাম্বার দেওয়ায় ভুল, নানান কারিগরি ত্রুটি শিক্ষার্থীদের ক্ষুব্ধ করে। উলটো করে ভাবুন, পরীক্ষা পদ্ধতি যদি একদম ঠিকও হয়ে যায়, ক্ষুব্ধ তরুণের সংখ্যা কিন্তু কমবে না। কর্মসংস্থান না বাড়িয়ে সিস্টেম ঠিক করলেও বেকারদের সংখ্যা একই থাকবে। তাই বেকার, ক্ষুব্ধ, নিজেদের বঞ্চিত মনে করা তারুণ্যের মধ্যে বিক্ষোভের আগুন জ্বালানোটা কঠিন নয়।

তবে কঠিন হলো, সেই আগুনটাকে ঠিকঠাকমত কাজে লাগানো। আগুনে সবকিছু পুড়ে যাওয়াও সম্ভব। আবার আগুনে পুড়েই সোনা আরও খাঁটি হয়। সিজেপি বলছে, তাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়, অনিয়মের বিরুদ্ধে। বাংলাদেশের জুলাই আন্দোলনের শুরুটাও সরকার পতনের দাবিতে ছিল না।

একযুগ ধরে বিজেপি সরকার ভারত শাসন করছে। যত দিন যাচ্ছে, নরেন্দ্র মোদী যেন আরও শক্তি সঞ্চয় করছেন, নতুন নতুন রাজ্য জয় করছেন। বিজেপিকে চ্যালেঞ্জ জানানোর মত সর্বভারতীয় কোনো শক্তি দেখা যাচ্ছে না। তেলাপোকাদের উত্থান তাই বিজেপি বিরোধী শিবিরে আশার সঞ্চার করেছে। তাই তো বিরোধী জোট ’ইন্ডিয়া’ তাদের সুরে সুর মেলায়।

তবে বাংলাদেশ বা নেপাল আর ভারতের রাজনৈতিক চিত্র এক নয়। বাংলাদেশ আর নেপাল এত ছোট, এক বিক্ষোভেই সরকার কাবু হয়ে গেছে। কিন্তু ভারত এত বড়, দিল্লীর যন্তর মন্তরের আন্দোলনের উত্তাপ অরুণাচলে পৌঁছাবেই না হয়তো। ভারতের ক্ষমতা কাঠামোকে চ্যালেঞ্জ করতে নিছক জলোচ্ছ্বাসে কাজ হবে না, সবগ্রাসী সুনামি লাগবে। তবে সিজেপিই বলছে, তারা বিজেপিকে উৎখাত করতে মাঠে নামেনি। তারা যদি সিস্টেমের ত্রুটিগুলো সারাতে পারে, তরুণদের মনে যদি বঞ্চনার বোধ কমে আসে; তাও তো কম প্রাপ্তি নয়।

তবে শঙ্কাও আছে। নেপালের বিপ্লবীরা নির্বাচন করে ক্ষমতায় আসতে না আসতেই হতাশা ভর করেছে। আর বাংলাদেশের তরুণরা তো নির্বাচন ছাড়াই ক্ষমতার অংশীদার হয়ে দুর্নীতিতে নিমজ্জিত হয়ে আন্দোলনের মূল চেতনাকে ভূলুণ্ঠিত করেছে। বাংলাদেশের তরুণদের দাবি যৌক্তিক ছিল, বিক্ষোভ তীব্র ছিল। কিন্তু এখন জানা যাচ্ছে, সেই ক্ষোভ কাজে লাগিয়ে ডিপ স্টেট পেছন থেকে আন্দোলনকে পরিচালনা করেছে। আন্দোলন পরবর্তী ক্ষমতাসীনরাই স্বীকার করেছেন, এ আন্দোলন ছিল ‘মেটিকুলাস ডিজাইন’এর অংশ। ভারতের তেলাপোকাদের ওড়ার পেছনেও ডিপ স্টেটের কৌশল আছে কিনা, কে জানে। তেলাপোকারা পাখায় পাওয়া শক্তিতে উড়ে উড়ে ক্ষমতা কাঠামোয় পরিবর্তন আনতে পারে, নাকি তাদের ক্ষেত্রে ‘পিপীলিকার পাখা ওঠে মরিবার তরে’টাই সত্যি হয়; সেটা জানার জন্য আরও অপেক্ষা করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102