ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে একদল সশস্ত্র দুর্বৃত্তের অতর্কিত হামলায় একই পরিবারের তিনজন গুরুতর জখম হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) এ ঘটনায় উপজেলার বাহ্রা ইউনিয়নের বাহ্রা চরকান্দা গ্রামের হাজী মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে মো. রাকিবুজ্জামান (৪৬) বাদী হয়ে মামলা দায়ের করেছেন। সোমবার রাত ৮টার দিকে উপজেলার বকসনগর ইউনিয়নের কোমরগঞ্জ বটতলা এলাকায় হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- বাদীর ছোট দুই ভাই রাব্বি (২৭) ও রুমেল বাবু (৪০) এবং ভাতিজা ইকবাল (২৮)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আসামিরা হলেন- উপজেলার বাহ্রা চরকান্দা গ্রামের মো. সামির (২২), মো. বাবু (৩২), সাব্বির (২৭), ওয়াসিম (২৮), হাসান (২১), সোহেল (৩০), হৃদয় (২০), বোরহান (৪৫), সবুর (৪৭), শান্ত (২২), আরিফ (১৯) ও অজ্ঞাতনামা পরিচয়ে আরও ১৫ থেকে ২০ জন।
মামলার নথি থেকে জানা যায়, বিবাদীগণের সঙ্গে বাদী ও তার পরিবারের দীর্ঘদিন যাবৎ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে আসামিদের সঙ্গে আহতদের বেশ কিছুদিন ধরে কথা কাটাকাটি চলছিল। সোমবার রাতে রাকিবুজ্জামান, তার দুই ভাই রাব্বি ও রুমেল বাবু কোমরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় তারা কোমরগঞ্জ বটতলা সংলগ্ন পাকা রাস্তায় পৌঁছানো মাত্রই, পূর্বপরিকল্পিতভাবে ওঁতপেতে থাকা আসামিরা দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে চারপাশ থেকে অবরুদ্ধ করে ফেলে। এ সময় তাদের চিৎকারে ইকবাল এগিয়ে এলে ধারালো অস্ত্র দিয়ে তাকেসহ এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফ জানান, এ ঘটনার পর থেকেই আসামিরা পলাতক। পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু করেছে। তাদের গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।