পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বিথী আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার তিন বছরের শিশুসন্তান আব্দুর রহমান গুরুতর আহত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৫ মে) রাত ১১টার দিকে দেবীগঞ্জ-ডোমার মহাসড়কের ফার্মগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিথী আক্তার দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের একতা মোড় এলাকার অটোভ্যান চালক জাহিদুল ইসলামের স্ত্রী।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছরের শিশুসন্তানকে কানের ডাক্তার দেখানোর জন্য জাহিদুল ইসলাম নিজের অটোভ্যানে করে স্ত্রী-সন্তানকে নিয়ে নীলফামারীর ডোমারে গিয়েছিলেন। রাতে ফেরার পথে হঠাৎ ঝোড়ো বৃষ্টি শুরু হয়।ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের তীব্র আলোয় জাহিদুল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মহাসড়কের ওপর নির্মাণকাজের জন্য রাখা একটি বালুর ঢিপিতে ধাক্কা লেগে ভ্যানটি উল্টে যায়। এতে স্ত্রী ও সন্তান সড়কের ওপর ছিটকে পড়লে দ্রুতগামী ওই ট্রাকটি বিথীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও দেবীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের সহায়তায় জাহিদুল ও তার ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে শিশু আব্দুর রহমানের অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাকে দ্রুত রংপুরে স্থানান্তর করেন।
ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি (মারুফ অ্যান্ড আবিদ পরিবহন) আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনার কারণে ওই মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল এবং দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ঘাতক ট্রাকটি আমাদের হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
এ জাতীয় আরো খবর..