মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন

ভিজিট ভিসায় হজ বন্ধ করল সৌদি, জরিমানসহ একগুচ্ছ নতুন নির্দেশনা

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

সৌদি আরব হজ মৌসুমকে কেন্দ্র করে নতুন কঠোর বিধিনিষেধ জারি করেছে। দেশটির কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, যেকোনো ধরনের ভিজিট ভিসা নিয়ে হজ পালন করা যাবে না। খবর গালফ নিউজ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুধুমাত্র বৈধ হজ পারমিটধারীরাই মক্কা ও পবিত্র স্থানগুলোতে প্রবেশ করতে পারবেন। জিলকদ মাসের শুরু থেকে জিলহজের ১৪ তারিখ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময় অনুমতি ছাড়া কেউ প্রবেশ বা অবস্থান করলে তা আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

নিয়ম ভঙ্গকারীদের জন্য কঠোর শাস্তির কথাও জানানো হয়েছে। ভিজিট ভিসাধারীরা হজ পালনের চেষ্টা করলে বা মক্কায় প্রবেশ করতে চাইলে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা গুনতে হবে। অন্যদিকে, অনুমতি ছাড়া হজ পালন করলে প্রবাসীদের গ্রেফতার করে নিজ দেশে পাঠানো হবে এবং তাদের ১০ বছরের জন্য সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে।

এরই মধ্যে ওমরাহ যাত্রীদের দেশত্যাগের সময়সীমাও শেষ হয়েছে। ২০২৬ সালের ১৮ এপ্রিল ছিল ওমরাহ ভিসাধারীদের সৌদি আরব ত্যাগের শেষ দিন। এর পর দেশে অবস্থান করলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানি বা সেবাদাতা প্রতিষ্ঠান সময়মতো তথ্য না দিলে তাদের সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা ও আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে।

এদিকে, ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ পারমিট ইস্যুও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নাগরিক, প্রবাসী ও জিসিসি দেশের নাগরিক—সব শ্রেণির জন্যই এই সিদ্ধান্ত কার্যকর থাকবে জিলকদ মাসের শুরু থেকে জিলহজের ১৪ তারিখ পর্যন্ত। ফলে এ সময় মক্কায় প্রবেশ কার্যত শুধুমাত্র অনুমোদিত হজযাত্রীদের জন্য সীমিত থাকবে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ হজকে নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ‘পারমিট ছাড়া হজ নয়’ স্লোগানের আওতায় এই অভিযান জোরদার করা হচ্ছে।

সাধারণ মানুষকে এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে এবং কোনো অনিয়ম দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলে জরুরি নম্বর ৯১১ এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ ছাড়া, মক্কায় ভুয়া প্রবেশ অনুমতি বিক্রির অভিযোগে এক সুদানি প্রবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার মাধ্যমে অনুমতি বিক্রির অভিযোগে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ও জানিয়েছে, নির্ধারিত নিয়ম না মেনে হজ পালন করা স্পষ্ট আইন লঙ্ঘন। তারা সতর্ক করেছে, নিয়ম মেনে চলাই হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, ভিড় নিয়ন্ত্রণ এবং সুষ্ঠু ব্যবস্থাপনা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102