রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় শুরু হয়েছে। রাজশাহীসহ দেশের পাঁচটি বিভাগীয় শহরের কেন্দ্রগুলোতে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট নিয়ে গঠিত ‘এ’ ইউনিটে মোট ১ হাজার ৮৯৭টি আসন রয়েছে। এর বিপরীতে আবেদন জমা পড়েছে ১ লাখ ১৫ হাজার ৫১৫টি।
প্রতি আসনের জন্য লড়ছেন ৬১ জন শিক্ষার্থী।
পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম শিফট সকাল ১১টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফট বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত চলবে। এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষাটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একযোগে নেওয়া হচ্ছে।
তবে উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী ব্যবহারিক ও লিখিত পরীক্ষা কেবল রাবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
‘এ’ ইউনিটের আসন বিন্যাস:
কলা অনুষদ: ৯৩১টি আসন
সামাজিক বিজ্ঞান অনুষদ: ৬৩৬টি আসন
আইন অনুষদ: ১৬০টি আসন
চারুকলা অনুষদ: ১২০টি আসন
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট: ৫০টি আসন
ভর্তিচ্ছু ও অভিভাবকদের সুবিধার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ক্যাম্পাসে ১০টি হেল্পডেস্ক, ১১টি অভিভাবক টেন্ট এবং সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে। যানজট কমাতে সকাল সাড়ে ৯টার পর ক্যাম্পাসের প্রধান সড়কে যানবাহন চলাচল সীমিত করা হয়েছে।
নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সক্রিয় রয়েছে বিএনসিসি, রোভার স্কাউট ও ফিজিক্যালি ডিজঅ্যাবল্ড ফোরামের সদস্যরা। জালিয়াতি ও প্রক্সি পরীক্ষা প্রতিরোধে পর্যাপ্ত পুলিশ এবং ভ্রাম্যমাণ আদালত মোতায়েন করা হয়েছে।