বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন

‘নাগরিক পদক-২০২৫’ পেলেন উত্তরা নিউজের সম্পাদক তারেকউজ্জামান খান

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

ডিএনসিসি ‘নাগরিক পদক-২০২৫’এ ভূষিত হলেন দৈনিক উত্তরা নিউজের সম্পাদক-প্রকাশক ও উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা মোহাম্মদ তারেকউজ্জামান খান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ঢাকায় প্রথমবারের মতো নাগরিক সম্মাননায় ‘সামাজিক সংগঠন’ ক্যাটাগরিতে উত্তরা পাবলিক লাইব্রেরিকে এ পদকে ভূষিত করা হয়।

রবিবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পদক গ্রহণ করেন উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ তারেকউজ্জামান খান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, বিশেষ অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গণবুদ্ধিজীবী অধ্যাপক সলিমুল্লাহ খান প্রমুখ। নাগরিক পদক-২০২৫ এর সভাপতিত্ব করেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

আয়োজনে জনসাধারণ এবং যুবসমাজকে বই পড়ায় উৎসাহিত করাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরচালনার স্বীকৃতি স্বরূপ ‘উত্তরা পাবলিক লাইব্রেরি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ তারেকউজ্জামান খানের হাতে নাগরিক পদক-২০২৫ তুলে দেন অতিথিরা।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ডিজিটাল ডিভাইসের এই যুগে আমরা মেধা ও মননশীল জাতি গঠনে নিয়মিত বই পাঠ ও শিক্ষার্থীদের সামাজিক কাজে সম্পৃক্ততার প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছি। এই পদক উত্তরা পাবলিক লাইব্রেরির জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। বক্তব্যে এমন সময়োপযোগী আয়োজন করায় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ তারেকউজ্জামান খান।

উল্লেখ্য, রাজধানীতে প্রথমবারের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নাগরিক পদক-২০২৫ প্রদান করেছে। এ বছর উদ্ভাবক, মিডিয়া কন্টেন্ট, পরিবেশ, প্রাণী সুরক্ষা, অ্যাডভোকেসি ও নগর উন্নয়নসহ মোট আট ক্যাটাগরিতে এই নাগরিক পদক প্রদান করা হয়। অনুপ্রেরণা সৃষ্টিকারী সামাজিক সংগঠন ক্যাটাগরিতে উত্তরা পাবলিক লাইব্রেরি সর্বপ্রথম এই পদক অর্জন করলো।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102