রাজশাহীতে পল্লীবিদ্যুৎ সমিতির কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ নিয়ে পরপর দুদিন এখানে হামলা হলো। সর্বশেষ শুক্রবার গভীর রাতে পবা উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ (খড়খড়ি) বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা চালায় ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত।
এ সময় তারা কয়েকটি পেট্রলবোমা নিক্ষেপ ও তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনটি পেট্রলবোমা বিস্ফোরিত হয়ে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
সমিতির কার্যালয় সূত্র জানায়, শুক্রবার রাত ২টার দিকে মতিহার থানার খড়খড়ি এলাকায় অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ উপকেন্দ্র (অভিযোগ কেন্দ্র) কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত কার্যালয়ে ঢুকে গানপাউডার ছিটিয়ে কয়েকটি পেট্রলবোমা নিক্ষেপ করে এবং তিন রাউন্ড গুলি ছোড়ে। হামলার পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় তিনটি পেট্রলবোমা বিস্ফোরিত হয় এবং চারটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।
পরে মতিহার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধার করে।
হামলায় উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। সেখানে দায়িত্বরত লাইনম্যান ও কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ট্রান্সফরমারটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে ওই উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল জানান, আগের দিনের ঘটনার পর কার্যালয়ের নিরাপত্তা জোরদারে উদ্যোগ নেওয়া হয়েছিল। থানায় এফআইআর করা হয়েছে এবং নিজস্ব নিরাপত্তার জন্য লোকবল বাড়ানো হয়েছে। প্রথম দিন দুজন কর্মী দায়িত্বে থাকলেও পরদিন চারজনকে দায়িত্ব দেওয়া হয়। পুলিশ প্রশাসনকেও নিরাপত্তা ও টহল বাড়ানোর অনুরোধ জানানো হয়েছিল।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, প্রথম দিন পেট্রলবোমা ছোড়া হয়েছিল। কিন্তু আগুন লাগেনি। এ জন্য দ্বিতীয় দিন আবার হামলা করা হয়েছে। সেখানে একটি পেট্রলবোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। বিস্ফোরণের কারণে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।