ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ :
রাজধানীর উত্তরা ৮ নম্বর সেক্টরের রেললাইন এলাকায় মাদক বিক্রেতাদের হামলার শিকার হয়েছেন মুক্তমন পত্রিকার সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ (৪৩)।
আজ শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক মাহমুদ জানান, ওই এলাকায় এক মাদক বিক্রেতা তাকে মাদক বিক্রির প্রস্তাব দেন। বিষয়টি বুঝতে পেরে তিনি ত্বরিৎ গতিতে ওই ব্যক্তির হাত ধরে ফেলেন।পরে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় তার কাছ থেকে গাঁজা, নগদ ২ হাজার ১০০ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ সময় সে তার কোমড়ে লুকানো সুইচ গিয়ার ছুরি সাংবাদিকের ওপর আঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে উত্তরা পূর্ব ও দক্ষিণখান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করা গাঁজা, নগদ টাকা ও অন্যান্য মালামাল নিজেদের হেফাজতে নেয়।
ঘটনাস্থলে উপস্থিত উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক আমির খসরু বাসসকে বলেন, ‘ভিডিও দেখে আমরা অতি দ্রুত এই ঘটনার দোষীদের ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি এবং এই মাদকের আস্তানা নির্মূলে যত ধরনের পদক্ষেপ নেয়া দরকার, সে পদক্ষেপ প্রশাসন নেবে।‘
এ ঘটনায় স্থানীয় জনতার মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা উত্তরা ৮ নম্বর সেক্টর রেললাইন এলাকাকে মাদক ও ছিনতাইমুক্ত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।