ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘আলোকিত কুরআন: সহজ কুরআন শিক্ষা’ কর্মসূচির আওতায় উত্তরা ১৩ নম্বর সেক্টরের ৫১ নম্বর ওয়ার্ড কেন্দ্রে ১৫ জন শিক্ষার্থীর কায়দা সমাপনী ও কুরআন সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যালয়ে প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘আলোকিত কুরআন: সহজ কুরআন শিক্ষা’ কর্মসূচির ব্যবস্থাপনা পরিচালক রাজিয়া সুলতানা। আলোকিত কুরআন: সহজ কুরআন শিক্ষার নির্বাহী পরিচালক মাওলানা নিজাম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ মোস্তফা কামাল ।
সংক্ষিপ্ত আলোচনায় রাজিয়া সুলতানা বলেন, ‘আলোকিত কুরআন: সহজ কুরআন শিক্ষা কেন্দ্র চালুর পর থেকেই শিক্ষার্থীরা নিয়মিত কুরআন শিক্ষা গ্রহণ করতে আসছে। ভবিষ্যতে এ কার্যক্রমে আরও শিক্ষার্থী যুক্ত হবে তিনি বলেন, মানুষের মাঝে পবিত্র কুরআনের আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার প্রধান উদ্যোক্তা সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। রাজিয়া সুলতানা আরো বলেন সংসদ সদস্য হিসেবে এস এম জাহাঙ্গীর হোসেন সরকারের কাছ থেকে যে বেতন পান, হাতআমার হাতে তুলে দেন। সেই অর্থ থেকে কুরআন শিক্ষা কেন্দ্র পরিচালনায় নিয়োজিত শিক্ষকদের সম্মানী প্রদান করা হয়। এ কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, নারীদের কুরআনের শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলে মাদক ও কিশোর অপরাধমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ঢাকা-১৮ আসনের আটটি থানা ও ১৪টি ওয়ার্ডের নারী ও শিশুদের মধ্যে বিনামূল্যে সহজ পদ্ধতিতে পবিত্র কুরআন শিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ছোটবেলায় অনেকেই মক্তবে কুরআন শিক্ষা গ্রহণ করেছেন। সেই মক্তবভিত্তিক শিক্ষাব্যবস্থার আদলে নতুন প্রজন্মের শিশুদের মধ্যে কুরআন শিক্ষার প্রসার ঘটানো গেলে এ উদ্যোগ সার্থক হবে। তিনি আরও বলেন, ধর্মীয় শিক্ষার প্রসার এবং শিশুদের নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন। বিনামূল্যে কুরআন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পবিত্র কুরআনের শিক্ষা পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য। আলোচনা শেষে কায়দা শিক্ষা সম্পন্ন করে কুরআন শিক্ষার পরবর্তী ধাপে উত্তীর্ণ হওয়া ১৫ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআন ও সনদ তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের উপহার হিসেবে হিজাব ও জায়নামাজ প্রদান করেন রাজিয়া সুলতানা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেজবাহ উদ্দিন খোকন, যুগ্ম আহ্বায়ক সোলায়মান হোসেন ও আলাউদ্দিন, ইমাম শরীফ বাবু, উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা আব্দুস সালাম, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমাস আলী, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদ, ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলফাজ ও সাধারণ সম্পাদক মাসুদ সরকার, মহিলা নেত্রী আনুশা বেলায়েত, ছাত্রনেতা রুবেলসহ ১৩ নম্বর সেক্টরের বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় নারীরা।
উল্লেখ্য, ঢাকা-১৮ আসনের আটটি থানা ও ১৪টি ওয়ার্ডের নারী ও শিশুদের মধ্যে বিনামূল্যে পবিত্র কুরআন শিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘আলোকিত কুরআন: সহজ কুরআন শিক্ষা ২০২৬’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে উত্তরা কমিউনিটি সেন্টারে কর্মসূচির ওয়ার্ডভিত্তিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।