ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি সাঈদ আহমেদ এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কমিটির সদস্যবৃন্দের সাথে জনপ্রশাসন মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের উপস্থিত কর্মকর্তাবৃন্দের পরিচিতিপর্ব অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও ঢাকা -৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ প্রস্তাব উত্থাপন করেন এবং তা কমিটিতে গৃহীত হয়।
কমিটির সভাপতি মহান মুক্তিযুদ্ধে শহিদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বৈঠকে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ৯০ এর গণঅভ্যুত্থান এবং ২০২৪ এর জুলাই গণ অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাসমূহের—যেমন: বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বিসিএস প্রশাসন একাডেমি, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর, সরকারি যানবাহন অধিদপ্তর, সরকারি কর্মচারী হাসপাতাল, বিয়াম ফাউন্ডেশন, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি (নাডা) এবং জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি (এনএপিডি)—কার্যক্রম সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হয়।
কমিটি সরকারের বাজেট বরাদ্দের আলোকে মন্ত্রণালয়াধীন যেসব প্রকল্পের কার্যক্রমে ধীরগতি রয়েছে, তা অনুসন্ধানের সুপারিশ করে। একই সাথে ‘সবার উপরে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে বর্তমান সরকারের কার্যক্রমে কোনো প্রকার অসহযোগিতা বা অবহেলাকারীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
কমিটি রাষ্ট্র মেরামতে মননশীলতার পরিবর্তন ঘটিয়ে জাতীয়তাবাদী চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ ৩১ দফা সংস্কার বাস্তবায়নে মাঠ পর্যায়ে সকলকে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনার পরামর্শ প্রদান করে।
বৈঠকে সভাপতি বলেন, “কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে আইনগত, প্রশাসনিক বা বাস্তব কোনো প্রতিবন্ধকতা থাকলে তা আপনারা স্পষ্টভাবে কমিটির সামনে তুলে ধরবেন। কোনো বিষয় গোপন না করে প্রয়োজনীয় তথ্য, প্রাসঙ্গিক নথি এবং বাস্তব পরিস্থিতি উপস্থাপন করবেন।
আমরা চাই নাগরিক সেবা সহজ ও দ্রুত করতে, একই সাথে জবাবদিহি নিশ্চিত করতে হবে। ডিজিটাল সেবা এবং তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নাগরিকের সময়, অর্থ ও শ্রম সাশ্রয় হয়; ফলে সেবায় প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে এবং অনিয়মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
সমস্যা সমাধানে আমাদের পূর্বের ন্যায় ধ্যান-ধারণা থেকে বের হয়ে এসে জবাবদিহিতা, স্বচ্ছতা ও সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। আপনারা ভুলে যাবেন না যে, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী—কোনো দলের, ব্যক্তির বা গোষ্ঠীর নন। এই কমিটিকে কেউ প্রতিপক্ষ ভাববেন না, এটি আমাদের সবার কমিটি। আমরা সকলে মিলে দেশ ও দশের জন্য কাজ করে যাবো। আমাদের সবার লক্ষ্য এক। আমরা আজ বিভিন্ন জায়গা থেকে এসেছি, কিন্তু এই কমিটিতে আমাদের অভিন্ন পরিচয়—আমরা জনগণের প্রতিনিধি।”
বৈঠকে কমিটি সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী, এমপি; এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান), এমপি; শাহজাহান চৌধুরী, এমপি; মোঃ আমিরুল ইসলাম খান, এমপি; ফখর উদ্দিন আহমেদ, এমপি; রেহেনা আক্তার রানু, এমপি ও মোঃ নূরুল ইসলাম, এমপি অংশগ্রহণ করেন।
বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব,সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীন সংস্থা সমূহের ঊর্ধ্বতন এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।