সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আনন্দমুখর পরিবেশে উত্তরায় বগুড়া অ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন। বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপন ও জ্বালানি ব্যবস্থাপনায় আধুনিকায়নের উদ্যোগ, পুনরায় কারিগরি সমীক্ষার নির্দেশনা তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র—স্পীকার যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে যাচ্ছে উত্তরার দারুল আজহার মডেল মাদ্রাসা মিছিলের প্রস্তুতি করাকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর ০২ জন গ্রেফতার উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১ তুরাগে ছাত্রলীগের সাবেক সভাপতি শিপন গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ

​ঢাকা, ১৪ অক্টোবর ২০২৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খানের সাথে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠককালে উভয় দেশের প্রতিনিধি দ্বিপক্ষীয় ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির আশ্বাস প্রদান করেন।

​সাক্ষাৎকালে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বলেন, বাংলাদেশ ও নেপালের রাজনৈতিক, সাংস্কৃতিক, প্রাকৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অনেক মিল রয়েছে এবং উভয় দেশের সামগ্রিক পরিস্থিতি প্রায় একই রকম। শিক্ষাখাতে সহযোগিতার সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি জানান, বর্তমানে বাংলাদেশে ২,৫০০ এর বেশি নেপালী শিক্ষার্থী চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করছেন। শিক্ষার এই ক্ষেত্রে সহায়তার সুযোগ আরও সম্প্রসারণ করা সম্ভব। এছাড়া, রাষ্ট্রদূত নেপালে সম্প্রতি সংঘটিত ভয়াবহ বন্যার চিত্র তুলে ধরে জানান, বন্যাদুর্গত এলাকাগুলোর পুনর্নির্মাণের জন্য প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। এ প্রেক্ষাপটে তিনি বাংলাদেশের সার্বিক সহযোগিতার আহ্বান জানান।

​নেপালের প্রস্তাবের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, নেপাল বাংলাদেশের এক বিশ্বস্ত ও পরীক্ষিত বন্ধু রাষ্ট্র। বাংলাদেশ সবসময় নেপালের পাশে রয়েছে এবং যেকোনো প্রয়োজনে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করবে।

​আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-কে পুনরায় সক্রিয় ও পুনরুজ্জীবিত করতে নেপালের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, বৈশ্বিক বিভিন্ন ফোরামে বাণিজ্য, জলবায়ু পরিবর্তনসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আঞ্চলিক দেশগুলো এককভাবে কথা না বলে যদি সম্মিলিতভাবে আওয়াজ তোলে, তবে আরও কার্যকর ও ফলপ্রসূভাবে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে।

​দুই দেশের বাণিজ্য সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী আঞ্চলিক ও দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও নেপালের মধ্যে বাণিজ্য বৃদ্ধির অনুরোধ জানান। তিনি বলেন, আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি পেলে প্রতিবেশী দেশগুলো তুলনামূলক সুবিধা পাবে, পরিবহন খরচ উল্লেখযোগ্যভাবে কমবে এবং পণ্যের সঠিক মূল্য নিশ্চিত হবে। এর ফলে সাধারণ মানুষের প্রকৃত আয় বৃদ্ধি পাবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হবে। একই সাথে, বাণিজ্যের ক্ষেত্রে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক শক্তি হিসেবে ঐক্যবদ্ধভাবে কাজ করলে নিজেদের দেশীয় শিল্প ও অর্থনীতিকে সুরক্ষা দেওয়া অনেক সহজ হবে।

​সাক্ষাৎকালে উভয় পক্ষই বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যকার সম্পর্ককে ভবিষ্যতে আরও সুদৃঢ় ও বহুমুখী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102