সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
খুলনায় হাম নিয়ে উদ্বেগ, শিশু মৃত্যুর তথ্য নিয়ে আলোচনা BATEXPO 2026: বাংলাদেশের পোশাকশিল্পে বিশ্ব আস্থার নতুন প্রতিচ্ছবি নানা আয়োজনে দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত সুইডেন বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন কেন্দুয়ার আনোয়ার হোসেন খান ডেপুটি স্পীকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাজপথের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতায় আলোচনায় শিমুল আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যম ও অনিবন্ধিত নিউজ পোর্টালে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে হাজী জাহাঙ্গীর আলম। ঢামেকের বাথরুম থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ইসলামী ব্যাংক হাসপাতালে রোগীর মৃত্যু, ভাঙচুর

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি (Dr. Abdelouahab Saidani) সৌজন্য সাক্ষাৎ করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দু’দেশের মধ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা সহযোগিতা, মানব পাচার প্রতিরোধ ও দমন, অভিবাসন ব্যবস্থাপনা, অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও পেশাদারিত্ব বাড়াতে বিশেষায়িত প্রশিক্ষণ প্রদান, যৌথ কর্মশালা আয়োজন এবং আইনগত সহায়তা (Legislation Support) আদান-প্রদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এছাড়া, বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে সরকারি পর্যায়ে (জি-টু-জি) দীর্ঘমেয়াদী এলএনজি (LNG) এবং সার আমদানির উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়। উভয় পক্ষই একমত পোষণ করেন যে, এই উদ্যোগ দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় উন্নীত করবে।

আলোচনাকালে আলজেরিয়ার রাষ্ট্রদূত স্মরণ করিয়ে দেন যে, ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর আলজেরিয়াই প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। তিনি দু’দেশের মধ্যকার এই ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে আলজেরিয়ার দৃঢ় আগ্রহের কথা ব্যক্ত করেন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও আলজেরিয়ার অর্থনৈতিক সম্পর্ককে আরও বেগবান করতে আলজেরিয়া বাংলাদেশ থেকে তৈরি পোশাক (গার্মেন্টস) ও ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানি বাড়াতে পারে। পাশাপাশি, বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্সসহ দক্ষ জনশক্তি নেওয়ার জন্যও তিনি আলজেরিয়াকে আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশে বিচারাধীন একজন আলজেরীয় নাগরিকের আইনি জটিলতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের নিয়মানুগ প্রক্রিয়ায় আবেদন করার পরামর্শ দেন এবং এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আলজেরিয়ার রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোর বিষয়টি উল্লেখ করে মন্ত্রী জানান, আলজেরিয়ার রাষ্ট্রপতি এই আমন্ত্রণ গ্রহণ করায় বাংলাদেশ আনন্দিত। তিনি এই সফরের জন্য সুবিধাজনক কূটনৈতিক তারিখ নির্ধারণের ওপর জোর দেন।

বৈঠকে উভয় দেশ নিরাপত্তা, বাণিজ্য ও দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ককে আরও গভীর ও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক এটিএম আব্দুর রউফ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102