শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

কেন এমবাপ্পেকে আবার পেনাল্টি নিতে দেওয়া হল না, বিতর্ক তুঙ্গে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

কিলিয়ান এমবাপ্পের এক হতাশাজনক পেনাল্টি মিসে রিয়াল মাদ্রিদের নতুন মৌসুমের দুর্দান্ত সূচনায় নেমে এলো আঁধার। গতকাল রাতে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলের অপ্রত্যাশিত পরাজয় বরণ করেছে জোসে মরিনহোর শিষ্যরা।

পর্তুগিজ এই কোচের দ্বিতীয় মেয়াদে ডাগআউটে টানা তিন জয়ের পর এটিই গ্যালাকটিকোদের প্রথম হারের তিক্ত অভিজ্ঞতা।
তবে রিয়ালের হারের চেয়েও এখন ফুটবলপাড়ায় আলোচনার তুঙ্গে ম্যাচের একবারে শেষ মুহূর্তের নাটকীয়তা। অতিরিক্ত সময়ের ৯৫ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল রিয়াল মাদ্রিদ। পেনাল্টি থেকে স্পট কিক নিতে গিয়েছিলেন ফরাসি পোস্টার বয় কিলিয়ান এমবাপ্পে।

তবে দুর্দান্তভাবে তা ঠেকিয়ে দেন বেতিস গোলরক্ষক আলভারো ভায়েস। গোলরক্ষকের গায়ে লেগে আসা ফিরতি বলে এমবাপ্পে আবার শট নেওয়ার চেষ্টা করলেও তা দ্রুত ক্লিয়ার করে দেন বেতিসের ডিফেন্ডার মার্ক বার্ত্রা।
আর এই ক্লিয়ারেন্স নিয়েই তৈরি হয়েছে তুমুল বিতর্ক। রিয়ালের স্পষ্ট দাবি, এমবাপ্পে শট নেওয়ার আগেই নিয়ম ভেঙে পেনাল্টি বক্সের ভেতরে ঢুকে পড়েছিলেন বার্ত্রা।

আর আগেভাগে বক্সে ঢোকার সুবিধা নিয়েই তিনি এমবাপ্পেকে দ্বিতীয়বার শট নেওয়া থেকে বঞ্চিত করেন। ফলে নিয়ম অনুযায়ী পুনরায় পেনাল্টি কিক দেওয়ার জোর দাবি তোলেন মাদ্রিদ সমর্থকেরা।
তবে দীর্ঘ সময় ভিএআর যাচাই-বাছাইয়ের পর রেফারি রিয়ালের সেই আবেদন নাকচ করে দেন এবং খেলা শেষের বাঁশি বাজান।

বিতর্কের কারণ হিসেবে স্প্যানিশ ক্রীড়াদৈনিক ‘মুন্দো দেপোর্তিভো’ এক ব্যাখ্যা দিয়েছে। তাদের বিশ্লেষণে বলা হয়, এমবাপ্পে শট নেওয়ার মুহূর্তে বার্ত্রা বক্সের সীমানার ভেতরে ছিলেন ঠিকই, কিন্তু তার পা বাতাসে ভাসমান ছিল—অর্থাৎ তা মাটিতে স্পর্শ করেনি! ফুটবলের সূক্ষ্ম এই প্রযুক্তিগত মারপ্যাঁচেই শেষ পর্যন্ত বেঁচে গেছেন বার্ত্রা, আর চরম হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102