গাজীপুরের টঙ্গীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের টঙ্গী আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ASHA (Access to Sanitation, Health and Availability of Water) প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) টঙ্গীর সাদিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এ কর্মশালায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বয় ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এডিসি (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের স্লাম ডেভেলপমেন্ট অফিসার মো. আবদুল হামিদ সরকার, সমাজকল্যাণ কর্মকর্তা জোবায়ের আলম ও টাউন প্ল্যানার মো. মাইনুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টঙ্গী এরিয়া প্রোগ্রামের এডিপি ম্যানেজার মানস বিশ্বাস। ASHA প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. জসিম উদ্দিন। এছাড়া প্রকল্পের কার্যক্রম নিয়ে পাওয়ারপয়েন্ট উপস্থাপন করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার কামনাশিষ নকরেক।
প্রধান অতিথির বক্তব্যে তানিয়া তাবাসসুম বলেন, নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা টঙ্গীর নগর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্প বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
কর্মশালায় সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন ও প্রতিনিধিরা অংশ নেন।