গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চলন্ত মোটরসাইকেলে ভিডিও তৈরি করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শাওন মিয়া (৩২) নামের এক কনটেন্ট ক্রিয়েটর নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে গোবিন্দগঞ্জ-রাজা বিরাট সড়কের উপজেলার ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাওন মিয়া বগুড়া জেলার মোকামতলা উপজেলার দাড়িদহ সরদারপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাওন দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কনটেন্ট তৈরি করতেন। মোটরসাইকেল চালানোর সময় তার সঙ্গীরা ভিডিও ধারণ করতেন।
পরে সেসব ভিডিও তিনি নিজের ফেসবুক পেজে প্রকাশ করতেন।
সোমবার দুপুরেও মোটরসাইকেল চালিয়ে ভিডিও তৈরি করছিলেন শাওন। একপর্যায়ে তিনি মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে দিয়ে চালাতে থাকেন। কিছুদূর যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।
এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা উজ্জল হক বলেন, শাওন চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে দিয়ে ভিডিও বানাতেন। এ ধরনের ভিডিও তার ফেসবুক পেজে প্রচুর ভিউ পেত। সোমবারও একইভাবে ভিডিও তৈরি করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।
বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে বলে জানান তিনি।
উজ্জল হক আরো বলেন, শাওন দীর্ঘদিন বিদেশে ছিলেন। সম্প্রতি বাড়িতে ফিরে তিনি কনটেন্ট তৈরি শুরু করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইন অনুযায়ী মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।