শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

তারেক রহমানের কাছে ক্ষোভ ও হতাশা প্রকাশ তৃণমূল নেতাদের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

সরকার গঠনের পর চাওয়া-পাওয়ার প্রত্যাশা নিয়ে নিজেদের ক্ষোভ আর হতাশার কথা তুলে ধরেছেন রাজশাহী বিভাগের তৃণমূল নেতারা। তারা বলেছেন, সরকার গঠনের পর তৃণমূলকে ভুলে যেতে বসেছেন দলীয় এমপিরা। নেতারা আছেন নিজেদের নিয়ে ব্যস্ত। এভাবে চলতে থাকলে দলের সাংগঠনিক কার্যক্রম একসময়ে ভেঙে পড়বে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে রাজশাহী বিভাগের তৃণমূল পর্যায়ের নেতারা নিজেদের হতাশার কথা তুলে ধরেন।
বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘রাজশাহী বিভাগ, জেলা ও মহানগরের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক বিষয়াদি নিয়ে দলের চেয়ারম্যান বৈঠক করেছেন। এটা ধারাবাহিক বৈঠক।’

বৈঠকে উপস্থিত একাধিক নেতা সমকালকে জানান, তারেক রহমানের উপস্থিতিতে ২৫ থেকে ৩০ জন নেতা বক্তব্য রাখেন। তাদের প্রায় সবার বক্তব্যে সাংগঠনিক কার্যক্রম থমকে যাওয়ার কথা তুলে ধরেন। কয়েকজন বক্তা বলেন, তাদের ত্যাগ আর শ্রম-ঘামের বিনিময়ে এমপি নির্বাচিত হওয়ার পর অনেকে নেতাকর্মী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তারা নিজস্ব বলয় সৃষ্টি করে কাজ করছেন। সেখানে বিগত দিনের ত্যাগী আর নির্যাতিত নেতাকর্মী বঞ্চিত হচ্ছেন। তাদের অবমূল্যায়ন করা হচ্ছে। এমনকি কোন কোন সময়ে তাদের না চেনার ভান করেন বলেও কয়েকজন অভিযোগ করেন।
কয়েকজন নেতা বলেন, সরকার গঠনের ৫ মাস অতিক্রম হয়েছে। এখনও দল গোছানোর দিকে নজর দেওয়া যায়নি। কোন কোন জায়গায় দীর্ঘদিনের মেয়াদোত্তীর্ণ কমিটি রয়েছে। কোনো কাউন্সিল হচ্ছে না। সরকার ও দলকে আলাদা করতে না পারলে এর খেসারত দিতে হতে পারে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেন।

প্রতিউত্তরে তারেক রহমান সবার উদ্দেশে বলেন, নির্বাচিত সরকারের কাছে নেতাকর্মীদের প্রত্যাশার সঙ্গে বাস্তবতার মিল নাও হতে পারে। কারণ, নির্বাচিত সরকার সবসময়ে জনগণের কাছে জবাবদিহির মধ্যে থাকতে হয়। আগের সরকারের মতো অনির্বাচিত হলে কোনো দায় থাকত না। কিন্তু বিএনপি গণতান্ত্রিক দল হিসেবে জনগণের চাওয়া-পাওয়াকে সবার আগে গুরুত্ব দেবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, জনগণের কাছে দায়বদ্ধতা থাকায় সবার আচরণে মুগ্ধতা রাখতে হবে। দলের কার্যক্রমে সক্রিয় থেকে জনগণের কাছে যেতে হবে। সরকারের বিভিন্ন ইতিবাচক দিকগুলো তাদের সামনে তুলে ধরতে হবে। আর এর জন্য সবার আগে দরকার দলের নেতাকর্মীদের ঐক্য। সেটাকে সবার ফোকাসে রাখতে হবে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তারেক রহমান বলেন, তারা কোনোভাবেই আওয়ামী আমলের নির্বাচন ব্যবস্থায় ফিরবেন না। যেখানে জনগণের জনমতের কোনো প্রতিফলন ছিল না। আগামীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার কঠোর থাকবে। কোনো কারচুপি হবে না সামনের নির্বাচনে। তাই কেউ যদি মনে করেন দল থেকে সমর্থন পেলেই জনপ্রতিনিধি হবেন তাহলে সেটা ভুল হবে। জনগণের মতামতের প্রতি এই সরকার সবসময়ে সম্মান জানাবে বলেও তিনি জানান।

রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজুর রহমান রিটন সমকালকে বলেন, তৃণমূলের নেতাকর্মীরা দলের চেয়ারম্যানের সামনাসামনি সাক্ষাৎ পেয়েছেন, তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্য শুনেছেন এতে সবাই উজ্জীবিত।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102