রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় ১৪ বছরের এক কিশোরী গৃহকর্মীকে নির্মমভাবে নির্যাতনের দায়ে মানবাধিকারকর্মী মোস্তাকিন শরীফ ও তার স্ত্রী জান্নাতুল নাঈমাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (২৮ জুন) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক শাহানাজ সুলতানা এই রায় ঘোষণা করেন।
মেয়েটি ব্যথায় কান্নাকাটি করলে আসামিরা হাসাহাসি করতেন। এমনকি তাকে পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে দেওয়া হতো না।
এই ঘটনায় ২০১৮ সালের ৩১ অক্টোবর খিলগাঁও থানার তৎকালীন উপপরিদর্শক সৈয়দ সাখাওয়াত হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। মামলাটি তদন্ত করে পরের বছরের (২০১৯ সাল) ২২ অক্টোবর দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন তদন্ত কর্মকর্তা ও খিলগাঁও থানার এসআই প্রশান্ত বালা।
অভিযোগপত্রে হাওয়া আক্তারের ওপর চালানো নির্মম নির্যাতনের বিবরণ দিয়ে বলা হয়, আসামিরা সম্পূর্ণ ঠান্ডা মাথায় ২০১৮ সালের ৭ জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত হাওয়াকে আটকে রেখে লোহার খুন্তি ও রড গরম করে ছ্যাঁকা দেন।
গ্যাসের চুলার আগুনে তার চুল পুড়িয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, গরম চাকু দিয়ে ছ্যাঁকা দেওয়ার পর সেই জখম স্থানে মরিচের গুঁড়ো দিয়ে তীব্র যন্ত্রণা সৃষ্টি করা হতো। এই অমানবিক ও অকল্পনীয় নির্যাতনের ফলে হাওয়া আক্তারের সমস্ত শরীর ক্ষত-বিক্ষত হয়ে যায় এবং সে চিরতরে পঙ্গু হয়ে পড়ে।
পরবর্তী সময়ে ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। বিচার চলাকালীন আদালত মোট ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন। আসামিদের আত্মপক্ষ সমর্থন ও উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন।