শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও নিরাপত্তা হুমকির অভিযোগে উত্তরায় সংবাদ সম্মেলন

দিনদুপুরে অস্ত্রের মুখে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ১৮ মে, ২০২৬

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একই দিনে পৃথক দুটি স্থানে দুই নারী শিক্ষিকাকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দিনদুপুরে সংঘটিত এ দুই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। 

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে ছিনতাই, চুরি, সংঘাত ও সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

রোববার সকালে নবীগঞ্জ পৌরসভার জয়নগর এলাকা এবং উপজেলার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর এলাকায় একই ধরনের কৌশলে এ দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। একই দিনে একই পদ্ধতিতে নারী শিক্ষিকাদের লক্ষ্য করে সংঘটিত এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, রোববার (১৭ মে) সকাল ৮টার দিকে নবীগঞ্জ সদর ইউনিয়নের সুজাপুর গ্রামের বাসিন্দা ও পর্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিল্পী রানী পাল স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। জয়নগর এলাকার সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা তিন যুবক তার পথরোধ করে। এসময় তারা পিস্তল ও দেশীয় রামদা প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে তার কানে থাকা প্রায় সাড়ে ৩ আনা ওজনের স্বর্ণের দুল এবং গলায় থাকা প্রায় ৭ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

অন্যদিকে সকাল সাড়ে ৯টার দিকে বেতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লাকী রানী দাস রিকশাযোগে স্কুলে যাওয়ার পথে বিদ্যালয়ের সামনে পৌঁছালে মোটরসাইকেলে থাকা তিন যুবক তার রিকশার গতিরোধ করে। পরে রামদা দেখিয়ে ভয়ভীতি সৃষ্টি করে তার গলায় থাকা প্রায় ৬ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

শিক্ষিকা শিল্পী রানী পাল জানান, সড়কে কোনো যানবাহন না পেয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন। এসময় তিন যুবক মোটরসাইকেলে এসে অস্ত্রের মুখে তার গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়।

তিনি বলেন, মোটরসাইকেলের চালকের মাথায় হেলমেট থাকলেও অন্য দুজনের মুখ খোলা ছিল। ঘটনাটি কাউকে জানালে ক্ষতির হুমকিও দেয় ছিনতাইকারীরা।

অপর শিক্ষিকা লাকী রানী দাস বলেন, ১৭ মে সকাল সাড়ে ৯টায় বিদ্যালয়ের সামনে পৌঁছানোর পর হঠাৎ তিন যুবক তার রিকশার গতিরোধ করে। তাদের একজন রামদা উঁচিয়ে ভয় দেখিয়ে গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। দিনের আলোতে প্রকাশ্যে এমন ঘটনায় তিনি আতঙ্কিত বলে জানান।

ঘটনার পর শিক্ষক সমাজেও উদ্বেগ দেখা দিয়েছে। রজনীগন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির নেত্রী মোছাম্মৎ শাহীনূর আক্তার চৌধুরী বলেন, একই দিনে দুই নারী শিক্ষিকাকে টার্গেট করে সংঘটিত ছিনতাইয়ের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তিনি দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি নারী শিক্ষকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানান।

এ ঘটনায় দুই শিক্ষিকা পৃথক অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া বলেন, ছিনতাইয়ের ঘটনায় পৃথক দুটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে এ বিষয়ে বক্তব্য জানতে নবীগঞ্জ থানার ওসি মো. মোনায়েম মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি নবীগঞ্জে ছিনতাই, চুরি, সংঘাত, সহিংসতা, খুন ও মাদক সংক্রান্ত অপরাধ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেলেও কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ চোখে পড়ছে না। প্রকাশ্যে নারী শিক্ষিকাদের টার্গেট করে সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102