বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

ডেমরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

রাজধানীর ডেমরায় আলাদা আলাদা জায়গায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টার দিকে ডেমরা সুলতানা কামাল ব্রিজের পশ্চিম পাশে এবং বুধবার দিবাগত রাত ১১টার দিকে কোনাপাড়া বাঁশেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত সাদ্দাম হোসেন কাকরাইলে এসএসবি গ্লোবাল ওভারসিস নামে একটি রিক্রুটিং এজেন্সিতে মার্কেটিং বিভাগে চাকরি করতেন।
 
এজেন্সির মালিক মো. সজল হোসেন জানান, সাদ্দাম থাকেন নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার রুপসীতে নিজ বাড়িতে। তার বাবার নাম আব্দুল লতিফ। বাড়ি থেকে মোটরসাইকেল যোগে এসে দৈনিক অফিস করতেন। সকালে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে অফিসে আসছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন।
 
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাকন মিয়া জানান, সকাল ১০টার দিকে ওই যুবক মোটরসাইকেল চালিয়ে আসার সময় ডেমরা সুলতানা কামাল ব্রিজের পশ্চিম পাশের রাস্তায় পিকআপ ভ্যানের ধাক্কায় আহত হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তখন চিকিৎসক তাকে মৃত বলে জানান।
 
তিনি আরও জানান, পিকআপ ভ্যানটির চালক গাড়ি নিয়ে পালিয়ে গেছে। তবে গাড়িটি সনাক্তের চেষ্টা চলছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।
 
অপরদিকে, নিহত নাজমুলের নানা এমএ বারী জানান, তাদের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামে। বর্তমানে ডেমরা কেনাপাড়া এলাকায় পরিবারের সাথে থাকতেন নাজমুল। তার বাবার নাম দেলোয়ার হোসেন। বাবার সাথে গাড়ির যন্ত্রপাতি ব্যবসা দেখাশুনা করতেন তিনি। বুধবার রাতে বন্ধু ইমনের সাথে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। তখন দুর্ঘটনার শিকার হন।
 
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুবেল হাওলাদার জানান, রাতে নাজমুল তার বন্ধু ইমনকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন। মোটরসাইকেল চালাচ্ছিলেন ইমন। বৃষ্টির কারণে পিচ্ছিল রাস্তায় স্লিপ করে পড়ে গিয়ে আহত হন দুই বন্ধু। খবর পেয়ে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে গেলে নাজমুলকে চিকিৎসক মৃত বলে জানান। আর ইমন সামান্য আহত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
 
তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে আবেদন করায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102