মঙ্গলবার (৫ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন।
আটকরা হলেন খুলনার দাকোপ থানার বাসিন্দা রাজন সরদার (২৫) এবং রতন সরদার (১৪)।
কোস্ট গার্ড জানায়, সোমবার (৪ মে) ভোর ৪টার দিকে একটি চক্র দাকোপের ঢাংমারী খাল সংলগ্ন সুন্দরী ইকো রিসোর্টে আগত পর্যটকদের ওপর হামলা ও লুটপাটের উদ্দেশ্যে জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে কর্তৃপক্ষ ঘটনাটি কোস্ট গার্ডকে অবগত করে।
অভিযোগ পাওয়ার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে সোমবার (৪ মে) বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ঢাংমারী খাল সংলগ্ন এলাকা থেকে ডাকাতি চেষ্টায় জড়িত থাকায় রাজন ও রতনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।