মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

অফিস থেকে ফেরার পথে সাংবাদিককে অপহরণের চেষ্টা, থানায় জিডি

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৫ মে, ২০২৬

রাজধানীতে অফিস থেকে বাসায় ফেরার পথে এক সাংবাদিককে অপহরণের চেষ্টার অভিযোগ উঠছে। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সোমবার (৪ মে) রাতে মগবাজার মোড়ে এ ঘটনা ঘটে।

আতাউর রহমান নামের ওই সাংবাদিক অনলাইন সংবাদমাধ্যম ঢাকা স্ট্রিমের জ্যেষ্ঠ প্রতিবেদক। ঘটনার বিবরণে তিনি বলেন, সোমবার রাত সোয়া ১০টার দিকে রাজধানীর পান্থপথে অফিস শেষ করে বাসায় ফিরছিলাম। সঙ্গে আমার সাবেক সহকর্মী মহির মারুফ ছিলেন। রাত সোয়া ১০টার দিকে মগবাজার মোড়ে রাস্তা পার হয়ে মারুফ রিকশা খুঁজছিল। আমিও রাস্তা পার হচ্ছিলাম, তখন একটি গাড়ি (ঢাকা মেট্রো-ঘ ১১-৯৮৯৯) থেকে এক ব্যক্তি লাঠি নিয়ে নেমে এসে আমাকে অপহরণের উদ্দেশ্যে তুলে নেয়ার চেষ্টা করে।
 
তিনি আরও বলেন, আমি বাধা দেয়ার পর আরও তিনজন নেমে এসে আমাকে গাড়িতে তুলে নেয়ার চেষ্টা করে এবং আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময়ে সেখানে উপস্থিত লোকজন এসে বাধা দিলে তারা আমাকে গালি দেয়ার অভিযোগ তুলে পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে। ব্যর্থ হয়ে একপর্যায়ে অপহরণকারীরা গাড়ি নিয়ে পালিয়ে যায়। হাতিরঝিল থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছি।
 
প্রত্যক্ষদর্শী জানান, কয়েকজন লোক হঠাৎ গাড়ি থামিয়ে একজন লোককে গাড়িতে তোলার চেষ্টা করেন। পরে লোক জড়ো হলে তারা গাড়ি নিয়ে পালিয়ে যান। প্রত্যক্ষদর্শী মহির মারুফ বলেন, আমি রিকশা নিতে সামনের দিকে এগিয়ে গিয়ে পেছনে তাকিয়ে দেখি একটি কালো প্রাইভেট গাড়ি সিগন্যালে থেমে আছে। ফ্রন্ট সিট থেকে একজন বের হয়ে আতাউর ভাইকে গাড়িতে তোলার চেষ্টা করছে। আমি দৌড়ে ট্রাফিক সিগন্যালে থাকা দায়িত্বরত পুলিশ ডেকে নিয়ে আসলে দেখি চারজন মিলে আতাউর ভাইকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।
 
মহির মারুফ আরও বলেন, পথচারীসহ সবাইকে নিয়ে বাধা দিলে উল্টো তারা দোষ দেয় যে তাদেরকে গালি দেয়া হয়েছে। সাংবাদিক পরিচয় দেয়ার পরও অপহরণে ব্যর্থ হয়ে তারা আতাউর ভাইকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102