শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন বটতলা মোড়ে এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। চালক আনোয়ার হোসেন বকশীগঞ্জ পৌরসভার চরকাউরিয়া টালিয়াপাড়া এলাকার আফছার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে আনোয়ার হোসেন ইজিবাইক নিয়ে বের হন। পুরাতন বাসস্ট্যান্ডের বটতলা মোড়ে অবস্থানকালে অজ্ঞাত একব্যক্তি নিজেকে পুলিশ লোক পরিচয় দিয়ে তার ইজিবাইক (রিকশাটি) ভাড়া করেন। জরুরি আসামি ধরতে জব্বারগঞ্জ বাজারে যেতে হবে এমন কথাও বলেন তিনি।
চালক আনোয়ার হোসেন জব্বারগঞ্জ বাজারের উদ্দেশে রওনা হন। বাজারে পৌঁছানোর পর কৌশলে আনোয়ারকে একটি দোকানে কোনো কাজে পাঠান তিনি। আনোয়ার দোকানটিতে যাওয়ার সুযোগে মুহূর্তের মধ্যেই ইজিবাইকটি নিয়ে দ্রুত পালিয়ে যান প্রতারকটি বলে জানান তিনি।
এদিকে উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে চালক আনোয়ার হোসেন ঘটনাস্থলেই কান্নায় ভেঙে পড়েন।
আনোয়ার হোসেন বলেন, ঋণ করে ইজিবাইক কিনেছেন। ঋণের বোঝা আর পরিবার নিয়ে সংসার চালানোর একমাত্র ভরসা ছিল ইজিবাইকটি। এখন তিনি কিভাবে সংসার চালাবেন, আর কিভাবে কিস্তির টাকা পরিশোধ করেন।
বকশীগঞ্জে গত ৪৮ ঘণ্টা আগে গত শুক্রবার আরেকটি ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
ওই সময় এলাকাবাসী হাতেনাতে চোর ধরে পুলিশে দিয়েছেন। এতে বকশীগঞ্জ উপজেলা জুড়ে ইজিবাইক চালক ও জনমনে চোর আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত এ পুলিশ পরিচয়ধারী চক্রকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন।