সংরক্ষিত নারী আসনে উত্তরার আলোচিত শিশু শহিদ জাবির ইব্রাহীমের মা রোকেয়া বেগমের মনোনয়নপত্র প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে।
আজ (২২ এপ্রিল, বুধবার) শহিদ জাবির ইব্রাহীমের বাবা কবির হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে শহিদ জাবিরের বাবা কবির হোসেন উত্তরা নিউজকে বলেন, আমরা কখনো কল্পনাও করিনি যে জাবিরের কারণে আমরা এতটা সম্মানিত হব। জামায়াতে ইসলামী জুলাইকে ধারণ করায় তারা একজন শহিদের মাকে সম্মানিত করেছে।”
তিনি বলেন, জাবিরের মা যদি সংসদে যেতে পারে— তাহলে তিনি অবশ্যই জুলাইয়ের পক্ষে কথা বলবেন। পাশাপাশি জুলাইয়ে যারা শহিদ হয়েছেন এবং আহত হয়েছেন, তাদের পক্ষেও কথা বলবেন।
উত্তরা নিউজকে তিনি আরো বলেন— শুধু জুলাই নয়, বাংলাদেশে বিডিআর থেকে শুরু করে শাপলা চত্বর পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, সেগুলোর বিচার তিনি সংসদে দাঁড়িয়ে দাবি করবেন।”
প্রসঙ্গত, গত সোমবার (২০ এপ্রিল) রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনে শহিদ জাবির ইব্রাহীমের মা রোকেয়া বেগমের নাম ঘোষণা করেন জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।