উত্তরার দিয়াবাড়িতে ইউনিট বিএনপির প্রয়াত সদস্য মো. উজিরের পরিবারে পাশে দাঁড়িয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক চাঁন মিয়া ব্যাপারী নেতাকর্মীদের নিয়ে দিয়াবাড়ি ইউনিট বিএনপির সদস্য মৃত মো. উজিরের বাড়িতে গিয়ে বাবা-মায়ের হাতে তিন মাসের বাজারসহ ঈদ সামগ্রী তুলে দেন। উজির দিয়াবাড়ি ইউনিট বিএনপির সদস্য ছিলেন বলে জানা গেছে।
দুপুরে উজিরের বাড়িতে দেখা যায়, ভ্যান ভর্তি চালের বস্তা, তেল ও কার্টুনে মোড়ানো বাজার সামগ্রী নিয়ে প্রয়াত মো. উজিরের বাড়িতে হাজির হন স্থানীয় বিএনপি নেতা চাঁন মিয়া। এ সময় বাজার-সদাইয়ের পাশাপাশি প্রয়াত বিএনপি কর্মী উজিরের বাবা-মায়ের হাতে নগদ টাকাও তুলে দেন নেতাকর্মীরা।
জানতে চাইলে চাঁন মিয়া বেপারী উত্তরা নিউজকে বলেন, উজির আমাদের (বিএনপি) কর্মী ছিল। মারা যাওয়ার পর ওর বাবা-মা কষ্টে আছে, এটা শুনতে পেয়ে আমি আজ বাজার নিয়ে এসেছি। সে আমাদের দুঃসময়ের সঙ্গী ছিল। তার পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্বও।
তিনি বলেন, আমি চেষ্টা করছি আমার নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর। অসহায় মানুষদের জন্য কাজ করার মধ্যে অনেক প্রশান্তি রয়েছে। আমার এই চেষ্টা অব্যাহত থাকবে।
এদিকে, প্রয়াত বিএনপি কর্মীর পরিবারের পাশে এগিয়ে আসায় বিএনপি নেতা চাঁন মিয়া বেপারীর প্রশংসা করেছেন আশপাশের বাসিন্দারা। একই সঙ্গে এ ধরণের মানবিক কাজে অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।