ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে নারী উদ্যোক্তাদের মিলনমেলার আয়োজন করা হয়েছে।
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বেইলি রোডের প্রধান ক্যাম্পাস অডিটরিয়ামে শুক্রবার দুদিনব্যাপী এ আয়োজন শুরু হয়েছে। এ আয়োজনের নাম দেওয়া হয়েছে “ভিকিস মিনা বাজার ২০২৬”।
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ৭৫ বছর পদার্পন উপলক্ষ্যে বছরব্যাপী উদযাপনের অংশ হিসেবে এবং ৮ মার্চ বিশ্ব নারী দিবসকে সামনে রেখে ভিকারুননিসার নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উৎসাহিত করতে এই বিশেষ মেলার আয়োজন করা হয়েছে।
এবারের মিনা বাজারে ভিকি নারী উদ্যোক্তাদের পরিচালিত প্রায় ৪৫টি স্টল থাকছে। স্টলগুলোতে আভিজাত্যের ছোঁয়া নিয়ে থাকছে দেশি-বিদেশি শাড়ি, তৈরি পোশাক, আধুনিক জুয়েলারী, প্রসাধনী, ঘর সাজানোর সামগ্রীসহ বৈচিত্র্যময় পণ্য। এছাড়া রমজান মাস হওয়াতে দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ আয়োজন।
মিনা বাজারের শুভ উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ। এছাড়াও সমাপনী দিনে ৭ মার্চ (শনিবার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমীন। এছাড়াও উপস্থিত থাকবেন স্কুল ও কলেজের প্রধান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাজেদা বেগম, শাখা প্রধানবৃন্দ, শিক্ষকবৃন্দ, ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও নির্বাহী পরিচালকসহ ইসি, এফবিটির সকল সদস্য এবং নতুন পুরাতন ছাত্রীরা।
এই মিনা বাজার মূলত নারী উদ্যোক্তাদের নিজেদের পণ্য প্রদর্শনী ও বিপণনের একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। ৫০ টাকার টিকিট মূল্যসহ প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে মেলা চলবে রাত ৮টা পর্যন্ত।